কড়া নিরাপত্তার কাবাডি ফাইনাল

চ্যাম্পিয়ন হলো সেনাবাহিনী

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:১২
কাবাডিতে এমন নিরাপত্তা আগে কখনও দেখা যায়নি। আগেরদিনের গণ্ডগোলের কারণে গতকাল বাংলাদেশ গেমস কাবাডিতে বিজিবি ও সেনাবাহিনীর মধ্যকার ফাইনালে র্যাব মোতায়েন করতে হয় আয়োজকদের। আর এই কড়া নিরাপত্তার মধ্যেই সেনাবাহিনী ৩০-২২ পয়েন্টে বিজিবিকে হারিয়ে গেমস কাবাডির স্বর্ণ জয় করে। বাংলাদেশ গেমস কাবাডিতে মহিলা ফাইনালে আম্পায়ারের সাথে সংঘর্ষে জড়ান আনসার দলের সদস্যরা। তিনদিন পর একই কাবাডি কোর্টে পুরুষদের দ্বিতীয় সেমিফাইনালে সেনাবাহিনী ও পুলিশের খেলায় দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিনের ঘটনায় আহত সেনাবাহিনীর খেলোয়াড় মুসা এখনও হাসপাতালে। কলঙ্কিত সেই সেমিফাইনালের পর সিদ্ধান্ত হয়, ফাইনাল খেলবে সেনাবাহিনী। কাবাডির এমন ঘটনার পর আয়োজক কমিটি তাই কালকের ফাইনালে আর ঝুঁকি নিতে চায়নি। এ কারণেই ফাইনালের আগে থেকে কাবাডি কোর্টে র্যাব গিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে। মাঠের প্রত্যেককে তল্লাশী করা হয়। খেলোয়াড় ছাড়া সেখানে অন্য কাউকে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। গ্যালারিতে দর্শক ঢুকতে গেলে তাদেরকেও তল্লাশী করা হয়। নিরাপত্তায় এতোটাই জোর দেয়া হয় যে, ফাইনালের চেয়ে সবার নজরটা ছিল নিরাপত্তা বলয়ের উপর। যতক্ষণ খেলা চলেছে ততক্ষণ নিরাপত্তা কর্মীদের কড়া নজর ছিল খেলোয়াড়দের উপর। খেলোয়াড়দের গতিবিধি নজরে রাখা হয়।