কাছ থেকে সাধারণের কথা শুনতে বটিয়াঘাটা থানায় খুলনার এসপি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২২:৩৪
গতকাল শনিবার বটিয়াঘাটা থানা চত্বরে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। মামলার বাদীদের সমস্যা, স্থানীয় সাধারণ মানুষের অভিযোগসহ বিভিন্ন ইস্যু ছিল বৈঠকের বিষয়বস্তু। পুলিশের কর্মকান্ড এবং স্থানীয় সমস্যা নিয়ে উপস্থিত সাধারণ মানুষ এই বৈঠকে কথা বলার সুযোগ পান। বটিয়াঘাটা থানার ওসি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম রউফ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশীদ এবং সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। ওসি (অতিঃ) আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের আহবায়ক ক্যাপ্টেন আফজাল হোসেন, অধ্যক্ষ শশাংক মন্ডল, এসএম ফরিদ রানা, বিবেক বিশ্বাস, চয়ন বিশ্বাস, মানস পাল, ইউপি সদস্য নিভানন গোলদার, আবুল হাসেম প্রমুখ। এসপি গোলাম রউফ খান তার বক্তব্যে বলেন, ‘সাধারণ মানুষ যেন কোনোভাবে পুলিশের নিকট থেকে হয়রানির শিকার না হয়। তাদের ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটাতে আজ এই সভা। মামলার বাদীদের সমস্যা কোথায় সে সব চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে আজ আপনাদের কাছে আসা।’ পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পৃথক পৃথকভাবে মামলার বাদীদের সঙ্গে কথা বলেন। রাতে যোগাযোগ করা হলে ইত্তেফাককে এসপি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তাদের কথা শুনতে এবং মামলার বিভিন্ন বিষয় ও আইন-শৃঙ্খলা নিয়ে গঠনমূলক আলোচনা করতে এ ধরনের সভা আয়োজন করা হয়। বটিয়াঘাটা থানায় আয়োজিত সভা খুব ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।