শনিবার রাতে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের আট গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা তছনছ হয়ে গেছে। ঝড়ের কবলে পড়ে নয়াচর মোল্লাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর পড়ে গেছে। চালের অনেক টিন উড়ে গেছে। প্রায় ৩শ’ কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। মাটির সাথে মিশে গেছে উঠতি বোরো আবাদ। ঘরের নিচে পড়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো নয়াচর শংকুরপাড়া, নয়াচর মণ্ডলপাড়া, কলকিহারা, মদনপাড়া, জিগাপাড়া, মোল্লাপাড়া, কোলপাড়া ও সবুজপাড়া। এসব গ্রামের প্রায় ৩শ’ পরিবারের ঘরবাড়ি ভেঙ্গে গেছে। এতে প্রায় এক হাজার মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের মাঝে হাহাকার বিরাজ করছে। সরেজমিনে দেখা যায় নয়াচর মোল্লাপাড়া গ্রামের একশ’ বাড়িঘরের মধ্যে অর্ধশত পরিবারের বাড়িঘর ভেঙ্গে গেছে। ওই গ্রামের হযরত আলীর চারটি ঘর ভেঙ্গে পড়েছে। একই গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের একটি মাত্র থাকার ঘর উড়ে গেছে। শূন্যভিটায় স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন তিনি। খবর নিয়ে জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের মতো অন্য গ্রামগুলোরও একই অবস্থা।
