মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়া হবে।' বুধবার রাজধানীর সচিবালয় লিংক রোডে সেবা সপ্তাহের উদ্বোধনী র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যবস্থাসহ সমগ্র দেশটিকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে। আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান এবং ইলেকট্রনিক (জিটুপি) পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে।'
তিনি জানান, 'চলতি মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় 'সেবা সপ্তাহ-২০১৯' পালন করবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। এ জন্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর-সংস্থার সব শাখাকে প্রস্তুত রাখা হবে। সেবা প্রত্যাশীদের সহজে ও দ্রুততার সঙ্গে সেবা প্রদান করা হবে। অতি দ্রুত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। একই সঙ্গে বিনামূল্যে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।'
আরও পড়ুন: কারাগারে দগ্ধ আইনজীবীর মৃত্যু, বিচারিক তদন্তের নির্দেশ
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সেবা সপ্তাহের উদ্বোধনী র্যালিটি সচিবালয় লিংকরোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সমাবেশের সমাপনী বক্তব্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমান।
ইত্তেফাক/জেডএইচডি
