পূর্ব সুন্দরবনের আরউয়াবের এলাকা থেকে বাহিনী প্রধান বনদস্যু বেল্লালকে (২৫) অস্ত্রসহ আটক করেছে জেলেরা। আটককৃত বনদস্যু শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের নুরু মীরের পুত্র বেল্লাল মীর। আটক করার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করে জেলেরা।
জেলে ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের আরউয়াবের এলাকায় বনদস্যু বেল্লাল তার সহযোগীদের নিয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এসময় জেলেরা কৌশলে একত্র হয়ে দস্যুদের ঘিরে ফেলে। জেলেদের প্রতিরোধে সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও বেল্লালকে তারা দেশি তৈরি একটি কাটা রাইফেলসহ আটক করতে সক্ষম হয়। পরে শরণখোলার ধানসাগর পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা বনরক্ষীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে বেল্লালকে গ্রেফতার করে নিয়ে আসে। এব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত বনদস্যুকে ধানসাগর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
