ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুত্রবধূর পরকীয়ার ঘটনা দেখে ফেলায় বিষমাখা দুধভাত খাইয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী পুত্রের বধূ সালমা আক্তার (৪০)-এর সাথে স্থানীয় এক যুবকের পরকীয়া চলছিল। বিষয়টি শ্বশুর নোয়াব আলী বেপারী (৭৫) দেখে ফেলে। জানাজানি হওয়ার ভয়ে গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বৃদ্ধ শ্বশুর নোয়াব আলী বেপারীকে খুব আদর যত্ন করে দুধভাত খাওয়ায় পুত্রবধূ সালমা। খাওয়ার কিছুক্ষণ পর শ্বশুর নোয়াব আলী অসুস্থতা বোধ করে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি চিকিত্সা কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক ঢাকা নেয়া নির্দেশ দেন। পরে রাতে ১টার দিকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক নোয়াব আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শনিবার দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং পুত্রবধূ সালমা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। নোয়াব আলীর বড় ছেলে জিয়ারউদ্দিনের স্ত্রী সম্পা আক্তার জানান, শ্বশুরের বমিতে বিষ দেখে সালমাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুধভাতের সাথে বিষ খাওয়ানোর কথা স্বীকার করে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেন।
