আজ ২৯ এপ্রিল। ১৯৯১ সনের এই দিনে কক্সবাজার জেলার উপকূলীয় জনপদে নেমে আসে মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। ওইদিন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে নিমিষেই। সেই সাথে গৃহপালিত পশু, মত্স্য সহায় সম্পদসহ মাথা গুঁজার ঠাঁইটুকুও হারায় হাজার হাজার পরিবার। রাস্তাঘাট, বনজ সম্পদসহ নানা সেক্টরে ঘটে ব্যাপক আর্থিক ক্ষয়-ক্ষতি যা ঘূর্ণিঝড়ের পর আজ ২৩ বছর সময় অতিবাহিত হওয়ার পরও ক্ষতিগ্রস্তরা পুষিয়ে উঠতে পারেনি। সেই দিনের স্মৃতিতে আজো উপকূলীয় এলাকার লোকজনের মাঝে নেমে আসে স্বজন হারা বেদনার শোক।
সূত্র জানায়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশের ৩৩টি উপজেলাকে সাগর সংলগ্ন বিপদ সংকুল এলাকা হিসাবে চিহ্নিত করা হয়। এসব উপজেলাগুলোতে পরিকল্পিতভাবে উন্নয়ন সমন্বিত কোন কার্যক্রম না হওয়ায় ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের প্রায় ৮০ লাখ মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে এখনো। ঘূর্ণিদুর্গত এলাকাসমূহে এখনো নির্মিত হয়নি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। বেড়িবাঁধতো টেকসই হয়নি বছরের পর বছর। ফলে এখনো উপকূলবাসী অরক্ষিত ও নিরাপত্তাহীনতায় রয়েছে।
