তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের সম্মাননা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০০
ফেসবুক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র (www.fac ebook.com/groups/uddokta) দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩০ জন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) পরিচালিত এ গ্রুপের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হয়েছেন এমন প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। ‘দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও উদ্যোক্তা সম্মাননা ১৪২০’ শীর্ষক এ আয়োজনের শুরুতে সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধ্বসের দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয় এবং দোয়া করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা তুলে দেন বিডিওএসএন সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বেটারস্টোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনওয়ার, তথ্যপ্রযুক্তি সাংবাদিক মোহাম্মদ কাওছার উদ্দিন, গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, বিডিওএসএন কোষাধ্যক্ষ ও জনসংযোগ সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলা উইকিপিডিয়া প্রশাসক নাসির খান, বিডিওএসএন প্রোগ্রাম সমন্বয়ক প্রমি নাহিদ, চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের অ্যাডমিন সাজ্জাত হোসেনসহ অনেকে। একই গ্রুপের আওতায় আগামী ১-৩ জুন চট্টগ্রামে প্রযুক্তি উদ্যোক্তা সম্মেলন হবে অনুষ্ঠানে জানানো হয়।