হাইস্কুলের ক্লাস চলে মেঝেতে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৪
চা শিল্প শহর শ্রীমঙ্গল হতে ৪ মাইল দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেসরকারি সাতগাঁও উচ্চ বিদ্যালয়টি ২৬ বছরেও দৈন্যদশা কাটিয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীদের চাপে ক্রমাগতভাবে ভারাক্রান্ত হয়ে পড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষাবিভাগের চরম অবহেলার কারণে বেঞ্চ ডেস্ক-এর অভাবে শিক্ষার্থীরা মেঝের উপর বসে এবং শ্রেণিকক্ষের অভাবে উন্মুক্ত আকাশের নিচে বসে পাঠ নিচ্ছে। সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত জানান, মানবিক ও বিজ্ঞান উভয় বিভাগে ৭ শত ১০ জন ছাত্র ও ৬৫৫ জন ছাত্রীর এই উচ্চ বিদ্যালয়ে ১৯ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে ১৩ জন এমপিওভুক্ত। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রধানত ছাত্র-ছাত্রীদের বেতনে চালু রয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগ কর্তৃক ৯৮-৯৯ সালে নির্মিত ৬ কামরা বিশিষ্ট একটি দালান ছাড়া আধাপাকা আরো ৩টি টিনের ঘর নিয়েই বিদ্যালয়ের সকল কার্যক্রম চলছে। প্রধান শিক্ষক জানান, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত মাটিতে বসেই ক্লাস করে। এছাড়াও প্রতিদিনই ২টি ক্লাস খোলা আকাশের নিচে নিতে হয়।