মাদকসেবী পুত্রের একের পর এক অন্যায় ও অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বিপথগামী পুত্র আরিফকে (২৫) পুলিশের হাতে তুলে দিলেন পিতা আ. জব্বার। পরে মাদক সেবন ও ব্যবসা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাহেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফকে ৬ মাসের জেল প্রদান করেন। জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ভাটেহদ গ্রামের আ. জব্বারের পুত্র আরিফ সঙ্গ দোষে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। জেল খেটে কয়েকদিন পূর্বে বেরিয়ে আসার পর আগের মতো আচরণ শুরু করায় পিতা আ. জব্বার বাধ্য হয়ে তাকে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বিকালে তাকে এই সাজা প্রদান করে।
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, সোমবার ভাঙ্গুড়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে হাতে-নাতে ধরে ১৫ দিনের জেল প্রদান করেছে। মাদকসেবীর নাম বাচ্চু সরকার (৩০)। বাড়ি শাহপুর রেল লাইন পাড়া। সে ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র। ওসি সুব্রত কুমার সরকার জানান, বাচ্চু ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে মাদক পান করছিল। তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজীর করা হলে ম্যাজিস্ট্রেট ১৫ দিনের জেল প্রদান করেন। বাচ্চুকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
