জোয়ারের পানিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সেতু ডুবে যাওয়ায় এ উপজেলার সাথে গত দুইদিন দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত রবিবার সাড়ে চারটায়ও গ্যাংওয়ের সংযোগ সেতুর একাংশ জোয়ারের পানিতে ডুবে ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন কমপক্ষে চার ঘন্টা বগা ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক ডুবে থাকে। এ কারণে ওই সময়ের মধ্যে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পটুয়াখালীর সওজ-এর নির্বাহী প্রকৌশলী কমলেন্দ মজুমদার বলেন, সব সময় যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জন্য গ্যাংওয়ে ও সংযোগ সেতু নির্মাণ করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়ে গেছে। খুব শিগগির কাজ শুরু হবে।
