ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষুব্ধ এলাকাবাসী ‘তিতাস বাঁচাও, পরিবেশ বাঁচাও, নবীনগর বাঁচাও’—শ্লোগানে নবীনগর ঐতিহ্যবাহী তিতাস নদীর পূর্বপাশে অবৈধভাবে কৃষিজমি ভরাট বন্ধের দাবিতে গত রবিবার স্থানীয় ডাকবাংলো সম্মুখ রাস্তায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। নবীনগর তিতাস নদীর পূর্বপাড় বগডহর মৌজার বিশাল হাওর বিলে শতশত একর কৃষি জমি রয়েছে। সেখানে একটি প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠার নামে বালি ভরাট করে ঐতিহ্যবাহী তিতাস নদী ধ্বংস ও কৃষিজমি বিনষ্ট করে পরিবেশ নষ্ট করছে । সচেতন নাগরিক সমাজের মোঃ বাতেন ও রনি বলেন, আমরা সরকারের কাছে নদী, পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবি জানাচ্ছি,আমাদের দাবি না মানা হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম নাজিমউদ্দিন বলেন, স্মারকলিপি পেয়েছি, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
