ভুরুঙ্গামারীতে দপ্তরি নিয়োগ নিয়ে ত্রিমুখি দ্বন্দ্ব

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৮
ভুরুঙ্গামারীতে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ উপেক্ষা করে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী নিয়োগ নিয়ে ত্রিমুখি দ্বন্দ্ব চলছে। জানা গেছে, প্রথম ধাপে ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগের নির্দেশনা আসে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিদ্যালয় কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত প্রতিনিধি এবং প্রধান শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটি একটি প্যানেল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করবেন। কর্তৃপক্ষ নিয়োগ কমিটির সুপারিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্যের পরামর্শক্রমে নিয়োগ অনুমোদন করবেন। জানা যায়, উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে সুপারিশ নেয়া হলেও ৯টিতে সংসদ সদস্যের অনুমতি না নিয়ে প্রধান শিক্ষকগণ নিয়োগ প্রদান করেছেন। এছাড়া গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোরপূর্বক নিয়োগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখি দ্বন্দ্ব শুরু হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ সকল বিদ্যালয়ের ব্যাপারে তার কাছে কোন সুপারিশ চাওয়া হয়নি।