আবারও অনিশ্চয়তায় বেগমগঞ্জ আওয়ামী লীগের কাউন্সিল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৯
এক দশক পর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল হবার সম্ভাবনা দেখা দিলেও আবার তা অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্ধিত সভায় কাউন্সিলের দিনক্ষণ ঠিক করার পর একাধিকবার তা পরিবর্তন হয়। শেষ পর্যন্ত কবে কাউন্সিল অনুষ্ঠিত হবে তা এখন কেউ বলতে পারছে না। এ কাউন্সিলকে ঘিরে বেগমগঞ্জ আওয়ামী লীগে কোন্দলের অবসান হবার আশা অনেকে করলেও তাতে গুড়েবালি। বর্তমানে রাজনৈতিক সংকটকালেও উপজেলা নেতৃবৃন্দের নিকট থেকে তেমন কর্মসূচি নেই। নেতারা প্রায় সময়ই ঢাকায় অবস্থান করেন। এতে কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ১৮ ফেব্রুয়ারি কাউন্সিলের তারিখ ধার্য হয়। পরে ২৪শে ফেব্রুয়ারি, আবার ১লা মার্চ কাউন্সিলের দিন ঠিক হয়। এ তারিখও পিছিয়ে যায়। এখন কবে হবে তা কেউ জানে না। এই কাউন্সিলকে ঘিরে অনৈক্যের সুর স্পষ্ট হয়ে ওঠে। যদিও বর্ধিত সভায় প্রায় সকল নেতাই ঐক্যের পক্ষে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বর্তমানে যেভাবে কমিটি রয়েছে সেভাবে রেখে সামনের সময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু তাতে গুড়েবালি। বর্তমান সভাপতি ডাঃ এ বি এম জাফরউল্যা ছাড়াও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছে।