কুমিল্লায় একমাসে ২৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩১
কুমিল্লায় ২৭ কোটি ১ লাখ ১ হাজার ৩৩২ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত মার্চ মাসে এসব পণ্যসামগ্রী আটক করে। এছাড়া সীমান্তবর্তী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ একই মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার ৩৫০ টাকার চোরাচালানের মালামাল আটক করেছে মাদক ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মার্চ মাসে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। মার্চ মাসে জেলার সীমান্তবর্তী ৫ উপজেলাসহ বিভিন্ন স্থানে ২ হাজার ৪৮০টি অভিযান চালিয়ে ৯৭ লাখ ৬০ হাজার ৮৯১ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়। এসময় মাদক ও চোরাচালান কাজে জড়িত থাকার অভিযোগে ১৭জনকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্র জানায়, মার্চ মাসে ১৮০টি অভিযান পরিচালনা করে ২৪ লাখ ৭৬ হাজার ৬শ’ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। একই সময়ে পুলিশ ২৭৫টি অভিযান চালিয়ে ৬৫ লাখ ২২ হাজার ২শ’ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটকসহ গ্রেফতার করেছে ২৩জনকে। অপরদিকে গতমাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯০টি অভিযান চালিয়ে ১২ লাখ ২১ হাজার ৮শ’ টাকার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটকসহ ১১জনকে গ্রেফতার করেছে। এছাড়া সামাজিক বন বিভাগ মার্চ মাসে ৫১টি অভিযান চালিয়ে ৩ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মার্চ মাসে ৯৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৯০জনের কাছ থেকে ৩ লাখ ৬২ হাজার টাকা আদায়সহ ৪জনকে কারাদণ্ড দিয়েছে এবং মামলা দায়ের করেছে ১৯৪টি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিজিবি ২ হাজার ২৪৫টি অভিযান চালিয়ে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ২০ টাকার মাদক ও চোরাচালান পণ্য আটকসহ ১০ জনকে গ্রেফতার করেছিল।