নাসিরনগরে আশার চিকিত্সা সহায়তা
নাসিরনগর সংবাদদাতা \ আশার সদস্যদের চিকিত্সা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগরে আশা-কুণ্ডা ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়। সোমবার স্থানীয় কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন। উক্ত তহবিল থেকে টিউমার, পিওথলির পাথর, চোখের ছানি, হাঁটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়।
চাঁদপুরে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা
চাঁদপুর প্রতিনিধি \ জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকার ব্যবস্থাপনায় চাঁদপুরে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়াম ভ্যানুর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য অজয় কুমার ভৌমিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমির জাফর।
চাটখিলে জনতার হাতে মদসহ সোর্স আটক
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলে রোববার সন্ধ্যায় পৌরসভার সুন্দরপুর এলাকায় মদসহ থানা-পুলিশের সোর্স এমরান হোসেন কবির প্রকাশ ভাগিনা কবির (৩৮) ও মো. হানিফ (৫০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
মিঠাপুকুরে শিবির নেতা গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মিঠাপুকুর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত শিবির নেতা জাকির হোসেন (৩৫) চিতলী দক্ষিণপাড়ার শাহজাহানের ছেলে। রবিবার রাত ১০টার দিকে মিঠাপুকুর থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মিঠাপুকুর সদর বাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ফুলপুরে বিদ্যুত্স্পৃষ্টে তিনজনের মৃত্যু
ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা \ ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারে গতকাল সোমবার বিদ্যুত্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম(১৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, সকাল ৮টার দিকে টিনের চালে উঠে পরিষ্কারের কাজ করার সময় আশরাফুল বিদ্যুত্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সারিয়াকান্দিতে ক্লাইমেট বিষয়ক কর্মশালা
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ লোকাল ক্লাইমেট ফিসকেল ফ্রেম ওয়ার্ক প্রণয়নের লক্ষ্যে মতামত ও আদান-প্রদান শীর্ষক কর্মশালা রবিবার সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান ও জাতীয় প্রকল্প পরিচালক (পিইসিএম) রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সারিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাহাম্মত করিম ।
কয়রায় শস্য কর্তন ও মাঠ দিবস
কয়রা(খুলনা) সংবাদদাতা \ উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দেওয়ানখালী ব্লকে ব্র্যাক কয়রা শাখার কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আয়োজনে সোমবার শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ম্যানেজার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হাসান
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল সোমবার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী দালালের স্ত্রী রহিমন বেগম (৫৫) মেয়ের বাড়ি কাজিরহাট গ্রাম থেকে নছিমনযোগে নিজ বাড়ি ফিরছিল। যশোর-সাতক্ষীরা মহাসড়কের হেলাতলা নামকস্থানে পৌঁছালে অসাবধানতা বশত তিনি নছিমন থেকে পড়ে আহত হয়। তাকে কলারোয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনায় দুঃস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলার ৪ শতাধিক গরীব ও দুঃস্থ পুরুষ-মহিলার মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের দেয়া এসব বস্ত্র উপজেলার গোয়ারীভাঙ্গা, দাড়িগাঁও, ডুমুরিয়া ও ভংগারচর গ্রামে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী শাহিনুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মধু, দুলাল মিয়া, রাজা, কালাম মিয়া ও মোসলেহউদ্দিন।
নেত্রকোনায় আজ হেফাজতে ইসলামের সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি \ আজ মঙ্গলবার নেত্রকোনা শহরের বারহাট্টা রোডস্থ মিফতা উলহুলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে সমাবেশ শুরু হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। সমাবেশে ঢাকা ও চট্টগ্রামের হেফাজতে ইসলামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তাদের ১৩ দফা নিয়ে বক্তব্য রাখবেন বলে সূত্র জানায়।
চাঁপাইনবাবগঞ্জে দু’টি পিস্তল ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল সোমবার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকার একটি আম বাগান থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
দাগনভূঞায় ঔষধ ও মাছ ব্যবসায়ীর জরিমানা
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা বাজারে ভ্রাম্যমাণ আদালত মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিন ব্যবহার করে মাছ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মোহাম্মদীয়া ও লতিফ ফার্মেসীর প্রত্যেকের ১০ হাজার টাকা ও ৩ মাছ ব্যবসায়ীর ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন রবিবার এ রায় প্রদান করেন।
জলঢাকায় ৬ বছরের শিশু ধর্ষিত
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ জলঢাকায় রবিবার ৬ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষিত শিশুটির অতিরিক্ত রক্তপাত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। জানা গেছে, ঘটনার দিন বিকেলে একই এলাকার কৃষ্ণ বর্মণের ছেলে পবিত্র রায় (১২) খেলার কথা বলে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
শ্যামনগরে আইসিএম কৃষি ক্লাব উদ্বোধন
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ দেবীপুর আইসিএম কৃষি ক্লাবের আয়োজনে ক্লাব উদ্বোধন উপলক্ষে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে করণীয় বিষয় জনসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা, পটগান পরিবেশন অনুষ্ঠিত হয়। রবিবার শ্যামনগর উপজেলার দেবীপুর মাঠে আইসিএম কৃষি ক্লাবে সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলি হোসেন।
এনায়েতপুরে বাস চাপায় রিকশাচালক নিহত
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সোমবার সিরাজগঞ্জের এনায়েতপুরে বাস চাপায় এক রিকশাচালক নিহত হয়েছে। নিহত আবুল করিম (২৬) মন্ডলপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে।
তালায় এনিমেটরদের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) আয়োজনে ও দাতা সংস্থা স্ট্রোমী ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় সংস্থা কর্তৃক পরিচালিত কিশোরী সংলাপ কেন্দ্রের এনিমেটর ও প্রত্যয় এনিমেটরদের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। মোট ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে সাস’র শিক্ষা সমন্বয়কারী খান মোঃ শাহ আলম ও সিনিয়র শিক্ষা সুপারভাইজার সুলতা সাহা দায়িত্ব পালন করেন।
সাভার ট্র্যাজেডির হোতাদের শাস্তি দাবিতে মানববন্ধন
কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে দোয়া ও রানা প্লাজার মালিক সোহেল রানাসহ গার্মেন্টস মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুরঘাটা-কালকিনি সড়কের কালকিনি প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে দোয়া মিলাদ কালকিনি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে মাদারীপুরের কালকিনি জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক আকন মোশাররফ হোসেন।
গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের শোক র্যালি
গোপালগঞ্জ প্রতিনিধি \ সাভার ট্র্যাজেডির ঘটনায় গোপালগঞ্জে শোক র্যালি করেছে জেলা ছাত্রলীগ। সোমবার সকাল ১১টায় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধু কলেজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।
হাতিয়ায় ব্যবসায়ীর খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা \ হাতিয়ার তমরদ্দি বাজারের ব্যবসায়ী বেলায়েত হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার হাতিয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ব্যবসায়ীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। এ সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পথসভায় বক্তব্য রাখেন হাতিয়া পৌরমেয়র এ কে এম ইউছুপ আলী, তমরদ্দি ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন বাবু প্রমুখ।
ধামরাইয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান শুরু
ধামরাই সংবাদদাতা \ নির্বাচন কমিশন সচিবালয়ের IDEA প্রকল্পের আওতায় উন্নতমানের প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে সারাদেশে ৬টি জেলায় পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। রবিবার ধামরাই উপজেলার সদর ইউনিয়নে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলমের তত্ত্বাবধানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমিন মিয়া এ প্রকল্পের কাজ পরিচালনা করছেন। কার্যক্রম বাস্তবায়নে মমিন আন্তরিকতার সাথে ভোটারদের সহযোগিতা করছেন। আগামী ১১ মে পর্যন্ত এখানে এ প্রকল্পের কার্যক্রম চলবে।
গাইবান্ধায় ভিশন ২০২১ অর্জনে আলোচনা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার ‘দিনবদলের সনদ : ভিশন ২০২১ অর্জন’ বিষয়ে আলোচনাসভা সদর উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক।
লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ রবিবার ফ্রেন্ডস এসোসিয়েসন অব লৌহজং-এর উদ্যোগে উপজেলার ১১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফ্রেন্ডস এসোসিয়েসন অব লৌহজং-এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শাহজাহান খান।
পীরগঞ্জে বিএনপির বিক্ষোভ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রবিবার পীরগঞ্জ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনসমূহের উদ্যোগে পীরগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ২৪ এপ্রিল পীরগঞ্জে হরতাল পালনকালে আওয়ামী লীগের কর্মীদের হামলায় ও পুলিশের নির্যাতনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজা, যুবদল সম্পাদক নাজমুল হুদা মিঠুসহ ৫ জন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রংপুরে ছাত্র অপহরণকারী আটক
রংপুর প্রতিনিধি\ রংপুরে স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার সময় এক অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার নগরীর বিয়াম স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নগরীর ধাপ এলাকার বিয়াম স্কুলের নবম শ্রেণির ছাত্র মেডিক্যাল পাকার মাথা এলাকার ওয়ালী উল্লাহর পুত্র আল রায়হান বাড়ি ফেরার পথে ৮/৯ জনের একটি অপহরণকারী দল তার পথরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং অভিভাবকের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রায়হান চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অপহরণকারীরা পালিয়ে গেলেও ধাপ এলাকার জাকির হোসেনের পুত্র জাহিদ হাসান মুনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
মিরসরাই উদ্যান সহ-ব্যবস্থাপনা কাউন্সিল গঠন
মিরসরাই সংবাদদাতা \ চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াঢালা জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করা হয়েছে। রবিবার উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। মিরসরাই উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আয়োজনে এবং আরণ্যক ফাউন্ডেশন ও ইপসার সহযোগিতায় এতে চারটি কাঠুরিয়া গ্রুপকে ২৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। মিরসরাই সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাংসদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
উলিপুরে নারীদের র্যালি ও মানববন্ধন
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে ‘নারীর অগ্রযাত্রা ও সংবিধানের বিরুদ্ধে সকল আক্রমণ রুখবই’ এ শ্লোগান নিয়ে উলিপুরে নারীরা র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। স্থানীয় এনজিও এসো দেশ গড়ি’র উদ্যোগে রবিবার জিসিএ, এসকেএফ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বরগুনায় শেষ হলো ষষ্ঠ কাব ক্যাম্পুরী
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ রবিবার বরগুনা ইউটিডিসি স্কুল মাঠে আয়োজিত জেলা ষষ্ঠ কাব ক্যাম্পুরী শেষ হয়েছে। শনিবার রাতে করা হয় মহাতাঁবু জলসা। উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন আলহাজ্ব আবদুর রব ফকির।
