প্রযুক্তি ব্যক্তিত্ব

নিকলস ওয়ার্থ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩১
নিজেদের মেধা আর শ্রম দিয়ে প্রযুক্তি বিশ্বকে সমৃদ্ধ করেছেন অনেকেই। তাদের মধ্যেই একজন নিকলস ই. ওয়ার্থ। সুইজারল্যান্ডের এই কম্পিউটার বিজ্ঞানী প্যাসকেলসহ আরও বেশ কয়েকটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তৈরি করেই বিখ্যাত হয়ে রয়েছেন। ওয়ার্থ জন্মগ্রহণ করেন ১৯৩৪ সালের ১৫ ফেব্রুয়ারি। সুইস ফেডেরাল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখ থেকে ওয়ার্থ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৫৯ সালে। পরে ১৯৬০ সালে তিনি কানাডার ইউনিভার্সিটি লাভাল থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৬৩ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। পরে ইউনিভার্সিটি অব জুরিখেও শিক্ষকতা করেন তিনি। বেশ কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজের তিনি ছিলেন প্রধান ডিজাইনার। এর মধ্যে রয়েছে অয়লার, প্যাসকেল, মডুলা, মডুলা-২, ওবেরন, ওবেরন-২ প্রভৃতি। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৪ সালে ট্যুরিং অ্যাওয়ার্ড লাভ করেন। প্রোগ্রামিং নিয়ে বেশকিছু বইও লিখেন তিনি।