ক্যামেরা নির্মাতা হিসেবে ক্যাননকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নানা ধরনের ব্যবহারকারীদের জন্য ক্যাননের রয়েছে নানা ধরনের ক্যামেরা। স্টিল ক্যামেরার পাশাপাশি ভিডিও ক্যামেরাও রয়েছে তাদের। সম্প্রতি কয়েকটি নতুন মডেলের ক্যামকোর্ডার নিয়ে এসেছে ক্যানন। এর মধ্যে লেগ্রিয়া এইচএফ জি৩০ তৈরি করা হয়েছে প্রফেশনাল ক্যামকোর্ডার হিসেবে। ২০এক্স জুমের সুবিধা নিয়ে এর ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের ফোকাল রেঞ্জ ২৬.৮ মিলিমিটার থেকে ৫৭৬ মিলিমিটার। অল্প আলোতেও কাজ করে নয়েজ রিডাকশন ক্যামকোর্ডারটি। এই ক্যামেরাটি সম্পূর্ণ প্রফেশনাল মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ক্যামেরার অন্যতম একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে এতে বিল্ট-ইন হিসেবে রয়েছে ওয়াই-ফাই সমর্থন। ফলে সরাসরি ভিডিও ধারণ করেই ওয়াই-ফাইয়ের সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা অন্য যেকোনো ওয়াই-ফাই ডিভাইসে দেখা যাবে। ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট ব্যবহার করে ১৫০ এমবিপিএস গতিতে ক্যামেরাটি থেকে এফটিপি সার্ভারে ভিডিও স্থানান্তর করা যাবে। এই ক্যামেরার মূল্য রাখা হয়েছে ১৩০০ পাউন্ড।
