পরকীয়া প্রেমের জের ধরে মঙ্গলবার স্বামী রুহুল আমিনকে (৪০) ওষুধের সাথে বিষ পান করিয়ে হত্যা করেছে স্ত্রী সেলিনা খাতুন। রুহুল আমিন গাংনীর শহড়াবাড়িয়া গ্রামের মৃত একরাম আলীর ছেলে। এ ব্যাপারে রুহুল আমিনের ভাই আব্দাল হক গাংনী থানায় মামলা করেছেন। আব্দাল হক জানান, রুহুল আমিন সিলেটের একটি কোম্পানিতে কর্মরত ছিল। বছরখানেক আগে সে একই গ্রামের স্বপনের স্ত্রী সোনিয়া খাতুনকে বিয়ে করে। এতে অভিমান করে তার প্রথম স্ত্রী সেলিনা সতীন সোনিয়ার স্বামী স্বপনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে রুহুল আমিন সম্প্রতি দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে তালাক দেয়। এর পরও সেলিনা স্বপনকে নিয়ে বিভিন্ন স্থানে চলে যেতো। এ ঘটনাটির সমাধানের জন্য রুহুল আমিন সোমবার বাড়িতে আসেন। গতকাল মঙ্গলবার সকালে পেটে ব্যথা অনুভব করলে স্ত্রী সেলিনা কৌশলে হলুদ ও নিমের পাতার রসের সাথে বিষ মিশিয়ে তাকে পান করান। রুহুল আমিন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরপরই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, বিষ মেশানো হলুদ ও নিম পাতার রসের বোতল পুলিশ উদ্ধার করেছে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. বিধান চন্দ্র ঘোষ জানান, বিষ প্রয়োগের ফলে রুহুল আমিনের মৃত্যু হয়েছে।
