সুনামগঞ্জে যুগ্ম দায়রা জজ আদালত একটি মামলায় ১০ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। সোমবার যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মাহবুব আলম এ রায় প্রদান করেন। জগন্নাথপুর উপজেলার আছিমপুর গ্রামের একটি ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আসামিদেরকে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত নুর মিয়া চৌধুরীর পুত্র শাহনেওয়াজ চৌধুরী, মৃত কুদরত উল্ল্যার পুত্র স্বপন মিয়া, তছর উদ্দিনের পুত্র আফাজ উদ্দিন, মৃত সুনু মিয়ার পুত্র নবাব মিয়া, মৃত ইছকন্দর মিয়ার পুত্র নছির মিয়া, আছিমপুর গ্রামের আছদ্দর আলীর পুত্র লুত্ফুর রহমান ওরফে হানিফ, আঃ আজাদ ওরফে লেংরা মিয়ার পুত্র আতিকুর রহমান, আঃ গণী ওরফে সুফি সাবের পুত্র মশাইদ মিয়া, মৃত আছদ্দর মিয়ার পুত্র মুজিবুর রহমান ময়ূর। এর মধ্যে আসামি অলিউর রহমান ও নবাব মিয়া পলাতক রয়েছে। কাঠগড়ায় উপস্থিত থাকা ৮জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষে এপিপি এবিএম জাফরান কুসুম এডভোকেট, সৈয়দ শামছুল ইসলাম এডভোকেট এবং আসামি পক্ষে সৈয়দ জামিলুল হক এডভোকেট, মল্লিক মোঃ মইন উদ্দিন আহমদ সোহেল এডভোকেট ও এমদাদুর রহমান এডভোকেট মামলাটি পরিচালনা করেন।
