স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে পৃথক ২টি উপজেলায় মাদক সেবনের অভিযোগে ৪জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। গত সোমবার শহরের বালুয়াডাঙ্গা মোড়ে গাঁজা সেবন ও বিক্রি করার সময় ২জনকে পুলিশ আটক করে। আটক ২জন সদর উপজেলার বালুয়াডাঙ্গা মহল্লার আবুল কালাম আজাদ (৫০) ও বড়বন্দর এলাকার জহুরুল ইসলাম (২৮)কে দুপুরে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলামের নিকট হাজির করে। বিচারক আবুল কালাম আজাদকে ৩ মাস এবং জহুরুল ইসলামকে ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে বিরামপুর উপজেলার রেল ঘুন্টি নামক স্থানে পুলিশ ২জনকে হেরোইন সেবন করার অভিযোগে আটক করে। আটক ২ জনকে দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে তিনি ওই ২জনকে ২ মাস করে কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। দণ্ডিত ৪জনকে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
