ঈদ কেনাকাটার উপস্থাপনায়

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৩৭

র ফি কু ল  ই স লা ম

 

এবারের রমজান মাসেও নতুন একটি শো নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেইন। গতকাল রোজার প্রথম দিনেই একুশে টিভিতে বিকেল চারটা পনেরো মিনিটে প্রচার শুরু হয়েছে সোনিয়া হোসেইনের উপস্থাপনায় ‘ঈদ কেনা কাটা’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির বিষয়বস্তু প্রসঙ্গে সোনিয়া হোসেইন জানান, এই অনুষ্ঠানে প্রখ্যাত ডিজাইনারদের সঙ্গে তিনি কথা বলবেন। পাশাপাশি তাদের ডিজাইন করা কাপড়গুলো সম্পর্কে বিভিন্ন তথ্য ক্রেতাদের জানাবেন এবং ঈদে কোথায় কী কী নতুন পোশাক কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। সোনিয়া হোসেইন বলেন, ‘অভিনয় আমার ভালোলাগা ভালোবাসা। তবে এর পাশাপাশি উপস্থাপনাতেও আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ উপস্থাপনা করতে গেলে অনেক বিষয় সম্পর্কে বিশদ জ্ঞান থাকতে হয়। এটি জ্ঞানের এক অন্য দুনিয়া, যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে। এরইমধ্যে বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ে আমি অংশ নিয়েছি। আরো বেশ কিছু পর্বের শুটিং এখনো বাকি। সবমিলিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা আমি দারুণ উপভোগ করছি। আমার বিশ্বাস ক্রেতাদের জন্য এটি একটি উপকারী অনুষ্ঠান হবে এটি।’ সোনিয়া জানান পুরো রমজান মাসজুড়েই অনুষ্ঠানটি প্রচারিত হবে একুশে টিভির পর্দায়। এদিকে প্রতি শনিবার রাত আটটায় এশিয়ান টিভিতে ‘সেলিব্রিটি কুক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন সোনিয়া হোসেইন। এটি একেবারেই নতুন একটি অনুষ্ঠান বলে জানান তিনি। এছাড়াও বাংলাভিশনের ‘টপ ট্র্যাক’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তিনি বিগত তিন মাস আগে। এটি প্রতি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রচারিত হয়। এছাড়া দেশ টিভিতে বিগত পাঁচ বছর যাবত সোনিয়া ‘সুরঞ্জনা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এটি প্রতি শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হয়। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে সোনিয়া হোসেইন পপুলার অ্যাকট্রেস ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সিজেএফবি’ সম্মাননায় ভূষিত হন। তার অভিনীত প্রথম সিনেমা ছিল আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ সিনেমাটি। তবে নাটকেই তিনি বেশি অভিনয় করেছেন। ২০১৮ সালে সোনিয়া ‘ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া ২০১৮’ উপলক্ষে দেশটিভিতে ‘ফুটবল ম্যানিয়া’ অনুষ্ঠানের টানা উপস্থাপনা করেছিলেন তিনি।