আদিতমারীতে ইমামদের চাঁদার টাকায় কম্পিউটার
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ লালমনিরহাট শাখার উদ্যোগে ইমামদের চাঁদার টাকায় ক্রয় করা হয় কম্পিউটার। তথ্য প্রযুক্তির ব্যবহার ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা যাতে করে অতি সহজে কম্পিউটার শিখতে পারেন এ উদ্যোগে সকলের সহযোগিতায় ক্রয় করা হয় কম্পিউটার। গতকাল মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার মডেল রিসোর্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ লালমনিরহাট শাখার উপ-পরিচালক আলহাজ্ব আব্দুস শাকুর।
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
মেলান্দহ (জামালপুর) ও ইসলামপুর সংবাদদাতা\ জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত অপর দুইজন আহত হয়েছে। ২৯ এপ্রিল রাতে মেলান্দহ ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী দুরমুঠ চাঙ্গামোড়ে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসি ও মেলান্দহ থানার অফিসার ইনজার্চ বিল্লাল উদ্দিন জানান, ইসলামপুরের ওঠাইল গ্রামের বিশাল (৩০) নামের এক যুবক ও দু’বন্ধু সুজন (২৭) ও শিবু (২৫) মোটরসাইকেলযোগে জামালপুর যাওয়ার পথে উক্ত স্থানে পৌঁছলে একট মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
মদনে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে সোমবার ও তিয়শ্রী ইউনিয়নে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মাঠে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়নে এবং ওয়াটার এইড ইন বাংলাদেশ সহযোগিতায় পরিচালিত ”পিওয়াশ” প্রজেক্টের ইউনিয়ন ভ্যালিডেশন সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভ্যালিডেশন পর্বে প্রত্যেক ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার তাদের ওয়ার্ডের কর্ম পরিকল্পনাসহ বিপদাপন্নতা নিরূপণের কৌশল তুলে ধরেন।
রাজৈরে ব্র্যাকের এ্যাডভোকেসি কর্মশালা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ রাজৈর উপজেলা লাইসিয়াম ভবন মিলনায়তনে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন কর্মসূচির উপর রাজৈর উপজেলা ব্র্যাকের উদ্যোগে এ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্যসম্মত পায়খানা ও তার ব্যবহার এবং নিরাপদ পানির উত্স ও তার ব্যবহার বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রাজৈর ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ বারুরী।
তেরখাদায় দোকানঘর উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত
তেরখাদা (খুলনা) সংবাদদাতা\ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ তবিবুর রহমান সোমবার পাতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জায়গায় উত্তোলনকৃত ৪টি ঘর উচ্ছেদ করেন। এসময় সরকারি নির্দেশ উপেক্ষা করায় জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন।
কোটালীপাড়ায় পাবলিক প্রাইভেট ইনেশিয়েটিভ কর্মশালা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্যাটালিস্টের অর্থায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে পাবলিক প্রাইভেট ইনেশিয়েটিভ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.বিনয় কৃষ্ণ মন্ডল উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
মুন্সীগঞ্জে প্রভাষকসহ দুই জামায়াত নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সোমবার রাতে শহরের মানিকপুরে যুদ্ধাপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাঈদীর মুক্তির দাবিতে হ্যান্ডবিল বিতরণের সময় জামায়াত নেতা সিয়াম হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে, রামপাল কলেজের প্রভাষক সাঈদ মোস্তফাকে (৫৬) রামপালের বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫টি হ্যান্ডবিল জব্দ করা হয়েছে। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
স্পিড ব্রেকারের দাবিতে বাঘাবাড়িতে মহাসড়ক অবরোধ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার উত্তরবঙ্গ ট্যাংকলরি এবং নৌবন্দর পোর্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি এলাকাবাসী পালন করে। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করে।
সাভারে নিহতদের স্মরণে ঝালকাঠিতে শোকসভা
ঝালকাঠি প্রতিনিধি \ সাভারে রানা প্লাজায় নিহতদের স্মরণে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক ও যুবদল শোকসভা ও দোয়া মোনাজাত করেছে। এ উপলক্ষে মঙ্গলবার কামারপট্টিস্থ বিএনপি কার্যালয়ে আহবায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা যুবদলের উদ্যোগে ফায়ার সার্ভিস কার্যালয়ে যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে পৃথক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আখাউড়ায় ইভটিজারের কারাদণ্ড
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে আরিফুল ইসলাম শাকিলকে (১৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পৌরশহরের নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শাকিলকে এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বশিরুল হক ভুঁইয়া।
গাংনীতে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। সরকারের সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে আমাদের সকলকে সেবার মনোভাব নিয়ে সেবা দিতে হবে। জনগণকে সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি আন্তরিক হতে হবে। বিদায়ী মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খোন্দকার।
নেত্রকোনায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি \ জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধীদের অধিকার সনদ বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা গতকাল মঙ্গলবার নেত্রকোনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও জিআইজেডের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল হাই। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নু।
কুমিল্লায় প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমিতির কমিটি
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমিতির কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন খেলোয়াড় মো. মোস্তাফিজুর রহমান পারভেজকে আহবায়ক ও মো. নূর আলম সোহেলকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমিতি গঠন করা হয়।
দামুড়হুদায় ট্রেন-মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত ও মহিলা ইউপি মেম্বার আহত হয়েছে। জানা যায়, ওইদিন বেলা ১১টার দিকে উপজেলার তারানীপুর গ্রামের ইসরাইল হোসেন (২৮) মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা যাওয়ার পথে জয়রামপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইসাইল হোসেন মারা যায়।
কাহালুতে হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার বগুড়া কাহালু চারমাথা রেলগেট এলাকায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের মাদ্রাসা শিক্ষক রুহুল আমিন নিহত হবার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ কাহালু উপজেলা শাখার পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মিঠাপুকুরে ইভটিজারের তিন মাসের জেল
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে এক ইভটিজারের ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ইউএনও মোহা. হারুন অর রশীদের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়। উপজেলার শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতো বদিয়ার রহমানের বখাটে ছেলে পলাশ। এ ঘটনায় কিশোরী বোন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। সোমবার মোসলেমবাজার নামক স্থান থেকে পুলিশ ওই বখাটেকে আটক করে।
জগন্নাথপুরে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়টি ৬দিন বন্ধ থাকার পর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে সোমবার একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দিলে গতকাল মঙ্গলবার থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সৈয়দা নুরুননাহারের অপসারণ, পরিচালনা কমিটি গঠনসহ বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ২৪ এপ্রিল বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। ফলে ৬দিন বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে।
ঠাকুরগাঁওয়ে ১৮ দলীয় জোটের শোক মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধি \ সাভারে রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় নিহতদের স্মরণে শোক মিছিল ও আলোচনা সভা করেছে ঠাকুরগাঁও ১৮ দলীয় জোট।
মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে শেষ হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, আনসারুল হক।
বোদায় কৃষকদের দক্ষতা বৃদ্ধির কর্মশালা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ মঙ্গলবার গতকাল বোদায় সেচ এলাকায় অধিক উত্পাদনের লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তি দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে আদর্শ কৃষকদের ২দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের অয়োজন করেছে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ। বোদা উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বোদা উপজেলা চেয়ারম্যান আ. আজিজ, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুুবুর রহমান।
লোকনৃত্যে প্রথম মহাদেবপুরের জারিন
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরের শিশুশিল্পী জারিন তাসনিম (৯) জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার ২০১৩ প্রতিযোগিতায় লোকনৃত্যে ‘ক’ শাখায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছে। শিশুশিল্পী জারিন নওগাঁ পল্ল¬ী বিদ্যুত্ সমিতির মহাদেবপুর জোনাল অফিসে কর্মরত মোঃ শহিদুল ইসলাম (লাইনম্যান গ্রেড ১) এবং মোছাঃ আবিদা সুলতানার (বিলিং সহকারী) মেয়ে। সে মাত্র ৪ বছর ৩ মাস বয়স থেকেই নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, চিত্রাঙ্কন, গল্প বলা সব বিষয়েই স্বনামধন্য প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে।
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের শোক র্যালি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অংশ হিসেবে সাভারে রানা প্ল¬াজায় নিহত শ্রমিকদের স্মরণে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগ শোক র্যালি করে। সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইন্সটিটিউটে এসে শেষ হয়। উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আজহারুল ইসলাম খান শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আল আমিন, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু প্রমুখ।
আখাউড়ায় বিএনপির শোক মিছিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ২৪ এপ্রিল সাভারে রানা প্ল¬াজা ধসে স্মরণকালের ভয়াবহ হতাহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আখাউড়া উপজেলা, পৌরবিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার শহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের সড়ক বাজার, রেল ষ্টেশন প্রদক্ষিণ শেষে মায়াবী সিনেমা হল চত্বরে শোক সমাবেশ করে।
