এক সিনেমায় দুই নায়িকার অভিষেক

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৩৮

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

একইসঙ্গে দুজন নতুন নায়ক ও একজন নতুন নায়িকার অভিষেক হয়েছিল। তিনজনই দর্শকের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন তাঁদের সেই প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে। এরমধ্যে তাঁরা হিন্দি সিনেমার অঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে। এবার সেই সিনেমার সিক্যুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে একইসঙ্গে দুজন নতুন মুখের নায়িকার আত্মপ্রকাশ ঘটছে। তাঁরা হলেন অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া।

তারুণ্যের স্বপ্ন-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা, জীবনযুদ্ধ, উচ্চাকাঙ্ক্ষা পূরণে নিরন্তন সংগ্রাম ইত্যাদি বিষয়কে উপজীব্য করে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার চিত্রনাট্য গড়ে উঠেছে। এ সিনেমায় এক সংগ্রামী তরুণ রোহানের ভূমিকায় অভিনয় করেছেন টাইগার স্রফ। এক নায়ককে কেন্দ্র করে দুই তরুণীর ভালোবাসার লড়াই সিনেমাটির প্রধান আকর্ষণ। সিনেমাটিতে শ্রেয়া চরিত্রটি এক ধনাঢ্য পিতার বখে যাওয়া কন্যার। শ্রেয়া রোহানের সঙ্গে একই কলেজে পড়ে। রোহানকে খুব ভালোবাসে মেয়েটি। এই শ্রেয়ার ভূমিকায় দেখা যাবে অনন্যা পান্ডেকে। বলিউডের একসময়ের নায়ক ও কমেডি অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা সিনেমায় আসছেন গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল। শাহরুখ খানের কন্যা সুহানা খানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। করণ জোহরের মতো বলিউডের একজন প্রভাবশালী প্রযোজকের সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে—এটা অনন্যার জন্য বড় ধরনের অর্জন হিসেবে বিবেচনা করা যায়। কারণ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তির আগেই ব্যাপক প্রচারণার সুবাদে এর অন্যতম নায়িকা অনন্যা পান্ডের নামটি ছড়িয়ে পড়েছে সবখানে। তাঁর চমত্কার নাচ, সৌন্দর্য, স্টাইল ইত্যাদি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা হচ্ছে। মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটির বেশ কয়েকটি নাচ-গানের দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে দেখার পর বিপুল সংখ্যক দর্শক অনন্যাকে ইতিবাচকভাবে দেখছেন। এ বছরেই তাঁকে আরো একটি নতুন সিনেমা ‘পতি পত্নী আউর ওহ’তে দেখা যাবে। যেখানে তাঁর সঙ্গে আরো আছেন কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার। বলিউডে অন্য অনেক তারকাপুত্রকন্যার ভিড়ে অনন্যা নতুন সংযোজন হলেও তাঁর স্বকীয় বৈশিষ্ট্যের কারণে সম্ভাবনাময়ী বলে বিবেচিত হচ্ছেন দর্শকদের কাছে। একজন গ্ল্যামারাস নায়িকা হিসেবে অনন্যা হিন্দি সিনেমার অঙ্গনে খুব দ্রুত নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবেন আশা করা যায়। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র অপর নায়িকা মৃদুলা চরিত্রে অভিনয় করেছেন তারা সুতারিয়া। অনন্যার চেয়ে তিন বছরের বড় হলেও নতুন এই অীভনেত্রীকে নিয়েও তুমুল আলোচনা চলছে বলিউডে। মূলত শিশুশিল্পী হিসেবে ডিজনি ইন্ডিয়া চ্যানেলে অভিনয় শুরু হয়েছিল তাঁর। বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি সিটকমে তাঁকে দেখা গেছে। তারা সুতারিয়া মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। ব্যালে, ল্যাটিন আমেরিকান সালসা ধরনের নাচেও পারদর্শী তিনি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র মতো একটি বড় ব্যানারের আলোচিত সিনেমার মাধ্যমে বলিউডের তাঁর অভিষেক হচ্ছে। এটাকে নিজের জন্য বড় একটি পাওয়া বলে মনে করছেন নতুন মুখের এই অভিনেত্রী। গ্ল্যামার জগতে টিকে থাকতে হলে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি অভিনয় ও নাচে পারদর্শী হওয়াটা জরুরি বলে মনে করেন তারা সুতারিয়া। একই সিনেমায় তাঁর সঙ্গে আরো এক নতুন নায়িকা অনন্যার আত্মপ্রকাশ ঘটছে। দুজনের মধ্যে কে বেশি দর্শক হূদয়ে ঝড় তুলবেন, এমন প্রশ্নের জবাবে তারা সুতারিয়া বলেন, ‘পর্দায় আমাদের দুজনের ভূমিকাই সমানভাবে গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে। আমারা দুজনই যথাসাধ্য ভালো করার চেষ্টা করেছি। দেখা যাক, দর্শক কাকে বেশি পছন্দ করেন। তবে আমি আমার নিজের ব্যাপারে অনেকটাই কনফিডেন্ট।’ বলা বাহুল্য, চলতি বছরের তারা সুতারিয়াকে আরেকটি বলিউডি সিনেমা ‘মারজাভা’তে দেখা যাবে প্রধান নায়িকা হিসেবে। যেখানে তাঁর সঙ্গে আরো থাকছেন রাকুল প্রীত সিং, রিতেশ দেশমুখ ও সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা।