বাল্যবিয়ে প্রতিরোধে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৩৯

সামস উল আলম মিঠু

ভোলা (উত্তর) প্রতিনিধি

 

যৌতুক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের সচেতনতা কার্যক্রমের  অংশ হিসেবে ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সহযোগিতা ও কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশুবিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিশোরী ক্লাবের শতাধিক কিশোরী অংশ নিয়ে নাচ-গান, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বেলুন ফোটানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা সিভিল সার্জন বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, উপজেলা মনিটরিং অফিসার মো. জিয়া উদ্দিন, নিউট্রেশন অফিসার মো. মকবুল হোসেন প্রমুখ।

এ সময় কিশোরীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শরীর মন ভালো রাখতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। মনের খোরাকগুলোর মধ্যে শিক্ষা ও সংস্কৃতি অন্যতম। শরীর ও দেহকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তোমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। মনের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন অর্জনের জন্যে চেষ্টা করবে নিজেকে গড়ে তুলতে হবে।

মাদক, ইভটিজিং, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিহত করতে হবে। বাল্যবিয়ে রোধ করতে হবে। ১৮ বছরের আগে কোনো কিশোরীর বিয়ে নয়, ছেলেদের ২১ বছরের আগে বিয়ে করতে নেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাল্যবিয়ে রোধে কাজ করবো। এছাড়া যৌতুক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সকল কিশোর-কিশোরীদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।