চট্টগ্রামে তিন দিনের ‘টেলিটক উদ্যোক্তা উত্সব’ গত বুধবারে শুরু হয়ে শেষ হচ্ছে আজ। এর আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ (fb.com/groups/ uddokta) গ্রুপের চট্টগ্রাম চ্যাপ্টার। উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইরশাদ কামাল খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট বাংলাদেশ, চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ুেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। উত্সবে প্রায় ২৫টি স্টল অংশ নেয়। মেলার প্রথম দিনে প্রদর্শনীর পাশাপাশি ছিল ফ্রিল্যান্সিংয়ের উপর ৩টি সেমিনার ও কর্মশালা। ছিল প্রোগ্রামিং আড্ডা। মেলার দ্বিতীয় দিনে নারী উদ্যোক্তাদের জন্য ইন্টারনেট মার্কেটিং বিষয়ক কর্মশালা, ব্যবসা উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া এবং উদ্যোক্তাদের জন্য ই-মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলায় আজ রয়েছে চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল বৈঠক।
