গত ৪ মে সন্ধ্যায় রাজশাহী জেলা শিল্পকলা মিলনায়তনে ‘রাজশাহী বেতার শিল্পী সংস্থা’ আয়োজিত বরেণ্য সঙ্গীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) কামাল আহমেদ ও কণ্ঠশিল্পী শাহিনা লতার বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ সঙ্গীতানুষ্ঠান হলেও এটি ছিল হারানো দিনের গানের সম্ভার। এতে শিল্পী কামাল আহমেদ ৫টি, শাহিনা লতা ৫টি এবং তারা দু’জন মিলে ৪টিসহ সর্বমোট ১৪টি কালজয়ী ও হূদয়ছোঁয়া গান পরিবেশন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, নাট্যব্যক্তিত্ব আব্দুর রশিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন কাজল এবং বাংলাদেশ বেতার রাজশাহীর ভারপ্রাপ্ত পরিচালক হাসান আখতার।
বৈশাখের সন্ধ্যায় হারানো দিনের হূদয় রাঙানো গানের আয়োজনে মিলনায়তনে দর্শকদের উপস্থিতি, উচ্ছ্বাস, আবেগ ছিল চোখে পড়ার মতো। দর্শক-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে শিল্পী কামাল আহমেদ একে একে গেয়ে শোনান ‘সুরের ভুবনে আমি আজো পথচারি’, ‘গানেরই খাতায় স্বরলিপি’, ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ও ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’ গানগুলো। শিল্পী তাঁর দরাজ গলা আর ভিন্নধর্মী গায়কী ঢংয়ে গান পরিবেশন করে মোহবিষ্ট করেন উপস্থিত সকলকে।
