এক গানেই ভাগ্য বদল?

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪৪

বিনোদন ডেস্ক

 

সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভারত’-এর ‘শ্লো মোশন’ গানে বেশকিছু ডেয়ার ডেভিল স্ট্যান্ট দৃশ্যে বাজিমাত করেছেন অভিনেত্রী দিশা পাটানি। এরজন্য এই গানের দৃশ্যে বেশ কয়েকটি জিমন্যাস্টিকস-এর মুভ রয়েছে। সেই ট্রেনিং করতে গিয়েই পড়ে যান দিশা। তখনই হাঁটু ভেঙে যায় তাঁর। গানের ফাইনাল শ্যুট করার আগে এক সপ্তাহ বেড রেস্টে ছিলেন তিনি। শুটিংয়ের সময়ও অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। প্রত্যেক টেকের পর পায়ে কোল্ড প্রেস করতে হতো বলেও জানিয়েছেন তিনি। তবে গানটি জনপ্রিয়তা দেখে সব কষ্ট সার্থক—এমটাই বললেন দিশা। সেই সঙ্গে ভাগ্যটাও বদল হতে যাচ্ছে তাঁর। শোনা যাচ্ছে, এমন পারফর্মেন্সের কারণে ‘কিক টু’ সিনেমায়ও তাঁকে দেখা যাবে। যেটাতেও আছেন সালমান খান।

‘কিক ট’-তে কী সত্যিই অভিনয় করতে চলেছেন? এ প্রশ্নের জবাবে দিশা পাটানি বলেন, ‘আপনাদের উচিত সাজিদ নাদিয়াদওয়ালা স্যারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা। আশা করি, তিনি শুনতে পাচ্ছেন।’ কিক সিনেমার প্রযোজক সাজিদ। তবে সাজিদ বলেন, ‘দিশা খুবই ভালো অভিনয় করেন। বিশেষ করে ভারত সিনেমায় তাঁর অভিনয়, নাচে আমি মুগ্ধ। তাঁকে নিয়ে হয়তো কাজ করবো। তবে সেটা কবে এখনো বলতে পারছি না।’

এদিকে দীপিকা পাডুকোনকেও দেখা যেতে পারে কিক-২ সিনেমায়। সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে এর আগে দিশা বলেছিলেন, ‘সালমান খান খুবই মিষ্টি মানুষ। একটুও ভয় পাইনি, কারণ প্রত্যেককেই তিনি দারুণ স্বস্তিতে রেখেছিলেন। তিনি খুবই সহায়তা করেন, কো-অপারেটিভ। তাঁর কাছ থেকে অনেককিছুই শেখার আছে। এ সময়ে এসেও তিনি যথেষ্ট পরিশ্রম করেন, প্রত্যেক টেকে নিজের শতভাগ ঢেলে দেন। এত বড় কাজের অংশ হতে পারাটা আমার জন্য বিশাল সুযোগ, আমি সৌভাগ্যবান।’

ভারত-এ সালমান-দিশা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফ, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের। আগামীতে দিশা পাটানিকে মোহিত সুরির ‘মালাঙ্গ’ সিনেমায় দেখা যাবে। এতে আরো রয়েছেন আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও কোনাল খেমু।