এদেশে ওয়েব সিরিজের যাত্রা খুব বেশিদিনের নয়। তবুও অল্প সময়েই বেশ ভালো জায়গা দখল করে আছে নতুন এই মাধ্যমটি। সাম্প্রতিক সময়ে টিভি নাটকের চেয়েও বেশি পরিমাণে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ। ভালো বাজেট, ডিজিটাল প্লাটফর্মের দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতার বিষয় বিবেচনা করে এসব ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় তারকারাও। অথচ এক সময় শুধুমাত্র তরুণ অভিনয়শিল্পীরাই ওয়েব সিরিজে অভিনয় করতেন। এখন শুধু অভিনয়শিল্পীরাই নন, অনেক নামী পরিচালকরাও ওয়েব সিরিজে নিয়মিত হয়েছেন।
নির্মাতা গিয়াস উদ্দীন সেলিম সম্প্রতি নির্মাণ করেছেন ‘প্রীতি’। তার এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। নির্মাতা সেলিম ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন, ‘একজন পরিচালকের কাজ নির্মাণ করা। সেটা শুধুমাত্র চলচ্চিত্র কিংবা টিভির মধ্যে সীমাবদ্ধ থাকে না। গল্প অনুযায়ী ভালো বাজেট পেয়েছি বলেই কাজটি করেছি।’ পরীমনি বলেন, ‘ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে প্রথমে ছিল না। কিন্তু গল্পটি শোনার পর রাজি হয়ে যাই। আমাদের দেশেও আজকাল ভালো ওয়েব সিরিজ হচ্ছে। যা খুবই ভালো খবর।’ এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে ১২ পর্বের ওয়েব সিরিজ নির্মাণ করবেন হিমেল আশরাফ। এতেও অভিনয় করবেন পরীমনি।
আয়নাবাজি অরিজিনাল প্রকল্পে মার্চ মাসের শুটিংয়ের পর নির্মাতা অমিতাভ রেজা অনলাইনের জন্য বানান ঢাকা মেট্রো নামের একটি ওয়েব সিরিজ। এরপর সম্প্রতি তিনি নির্মাণ করলেন ‘নিঃশব্দতার শহর’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি শিগগিরই নেটফ্লিক্সে প্রচার হবে। অনলাইন মাধ্যমের জন্য নির্মাণ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘ঢাকা মেট্রো হইচই অরিজিনালে যাবে। নিশঃব্দতার শহর যাবে আইফ্লিক্সে। একজন শিশু গৃহপরিচারিকার ঢাকায় বড় হওয়া প্রতিটি সকালের গল্প এটি। আমি গল্পকে প্রাধান্য দিই। আর ডিজিটাল প্লাটফর্মের জন্য নির্মাণের কারণ হচ্ছে, সারাবিশ্বেই এখন ভালো ভালো ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। আমাদেরও সেই পথে এগিয়ে যাওয়া দরকার।’
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষেও ডিজিটাল মাধ্যমের জন্য নির্মাণ করবেন কয়েকটি নাটক। তিনি বলেন, ‘ডিজিটাল প্লাটফর্মের আলাদা কিছু দর্শক রয়েছে। তারা টিভি নাটক খুব বেশি দেখে না। ডিজিটাল প্লাটফর্মগুলোও ভালো বাজেট দিচ্ছে। আমরাও তাই ওয়েব সিরিজ/নাটক নির্মাণে আগ্রহ পাচ্ছি।’
চলচ্চিত্রে নিয়মিত কাজ না থাকায় অনেকেই এরইমধ্যে ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন। চিত্রনায়িকা পপি, এবিএম সুমন ও আঁচল ‘ইন্দুবালা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ সম্প্রতি শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। পপি বলেন, ‘এই ওয়েব সিরিজের নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। বেশ ভালো কাজ হয়েছে।’ এবিএম সুমন বলেন, ‘অনলাইন মাধ্যমে ভালো কাজ হচ্ছে বলেই আমরা এগিয়ে এসেছি।’ দর্শকদের চাহিদা প্রসঙ্গে নুহাশ হুমায়ূন বলেন, ‘এখন সবকিছুই ফোনে পাওয়া যায়। গ্রামের মানুষও এখন নাটক, সিনেমা, গান দেখেন মোবাইলে। মানুষ দেখছে বলেই এই বাজারটা আরো বড় হবে।’
