নিরাপদ হই নাই

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪৭

সৈয়দ শরীফ

 

যুগ যুগ ধরে আমরা শুধু যে

সড়কের দোষ ধরি,

আইন কখনো মেনে চলি বলো

শ্রদ্ধা কি তাকে করি?

 

দৌড়িয়ে পার হয়ে যাই পথ

ডানে-বামে গাড়ি তবু

কোনো ভয় নেই—আমাদের খুব

সাহস দিয়েছে প্রভু।

 

ফুটওভারেও উঠি না কখনো

সময় আছে কি অত?

গণতান্ত্রিক দেশে হয়ে যাব

আইনের কাছে নত?

 

লাইসেন্স কোনো জরুরি বিষয়?

কাজে লাগে কোনো ওটা?

পুলিশ ধরবে? চিন্তা কিসের?

ঘুষ দিয়ে দেব মোটা।

 

নিরাপদ সড়ক চাই দাবিতে

সোচ্চার আমরাই,

পথে পথে ভয়, নিরাপদ আজো

সড়ক তো হয় নাই।