পিরোজপুরের কাউখালীতে ভাতাভোগীদের ব্যাংক থেকে টাকা তুলতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। শত বছরের বৃদ্ধাকেও ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সিঁড়িতে, বিভিন্ন দোকানের সামনে বসে বা দাঁড়িয়ে থাকতে হয়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। অপরদিকে ব্যাংক দুইটি উপজেলার একপ্রান্তে হওয়ায় অনেককে ৭-৮ মাইল পথ পাড়ি দিয়ে সদরে গিয়ে ভাতা তুলতে হয়। এতে অনেকের ৭০-৮০ টাকা খরচ হয়ে যায়।
কাউখালী উপজেলা সদরের সোনালী ব্যাংকের বারান্দা, ব্যাংকের মেঝে, সামনে অসংখ্য বৃদ্ধ বিধবা বসে আছেন, কেউ শুয়ে, কেউবা ক্যাশিয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। উপজেলার ৫টি ইউনিয়নের মহিলারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা সোনালী ব্যাংকের ওই শাখা থেকে তোলেন। তিন হাজার ১৭৬ জনের জন্য একটি শাখা নির্ধারণ করে দেয়ায় তিন মাস অন্তর ৯০০ টাকা করে তুলতে বয়স্ক ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাউখালী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের বয়স্ক ভাতা বিতরণ করতে হিমশিম খেতে হয়।
