তেঁতুলিয়ায় খোলা মাঠে পাঠদান

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৭
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৫ গ্রাম মিলে একটিমাত্র প্রাথমিক বিদ্যালয়। সামপ্রতিক বৈশাখী ঝড়ে ওই বিদ্যালয়ের ঘর ভেঙ্গে যাওয়ায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রখর রোদে খোলা আকাশের নীচে পাঠদান করা হচ্ছে। স্থানীয়রা জানান, সরদার গছ বালাবাড়ি, নাওয়াপাড়া বালাবাড়ি, কালাদাস পাড়া বালাবাড়ি, ডাঙ্গী বালাবাড়ি ও শিলাইকুড়ি বালাবাড়ি গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ক্ষুদে শিক্ষার্থীদের কয়েক কিলোমিটার হেটে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে হতো। এ কারণে ওই এলাকায় অনেক শিশুই ছিল প্রাথমিক শিক্ষা বঞ্চিত। গত ১৯৯৮ সালে ওই এলাকার কিছু বিদ্যানুরাগী প্রতিষ্ঠা করেন শিলাইকুড়ি বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এলাকার লোকজনের সহায়তায় টিনের ছাপড়া ঘর তুলে বাঁশের বেড়া দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। ২০১১ সালে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেও কর্মরত কেউ এখনো সরকারি বেতন-ভাতা পাননি। সমপ্রতি ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের ঘড় ভেঙ্গে পড়ে আছে। তার সামনেই খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকরা। শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন আগে বয়ে যাওয়া ঝড়ে আাামাদের বিদ্যালয়ের ঘর উড়ে যায়। এর পর থেকেই আমাদের বিদ্যালয় মাঠেই ক্লাস নেয়া হচ্ছে। তারা জানায় মাঠে গাছ না থাকায় রোদের মধ্যে ঘাসে বসে আমাদের ক্লাস করতে হচ্ছে।