সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দেশের বহু স্থানে স্বজনরা লাশের অপেক্ষায় দিন গুণছেন। যদিও প্রতিদিনই কোথাও না কোথাও লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নিখোঁজের সংখ্যাও অসংখ্য। নিখোঁজ পরিবারেরও চলছে আহাজারি। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
কাহারোল (দিনাজপুর)
সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর ঐ ভবনের ৬ষ্ঠ তলায় চাকরিরত গার্মেন্টস কর্মী দিনাজপুরের কাহারোল উপজেলার ডুডিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মোঃ নূর ইসলাম ও পুত্রবধূ শাহিদা বেগমকে এ রিপোর্ট লেখা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নূর ইসলামের ছোট ভাই রিপন ঘটনার পরের দিন ঢাকা যায় ভাই ও ভাবীকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পরও সে তার ভাই-ভাবীকে খুঁজে না পেয়ে গত ৩০ এপ্রিল বাড়িতে ফিরে আসে। নিখোঁজ পুত্র ও পুত্রবধূর শোকে নূর ইসলামের মা এখন মৃত্যুশয্যায়। নিখোঁজ নূর ইসলাম ও সাহিদার ২ বছরের শিশু সন্তানটি এখনও রয়েছে পিতা-মাতার অপেক্ষায়।
সৈয়দপুর (নীলফামারী)
সাভার ট্র্যাজেডির শিকার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার দুই হতভাগ্য পরিবারে চলছে শোকের মাতম। উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মিলন হোসেন (২৩) ফিরেছেন লাশ হয়ে। আর বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের আইনুলের খোঁজ এখনও মিলেনি। গতকাল শুক্রবার ভোরে মিলনের নিথর দেহ নিয়ে ফিরেছেন তার আত্মীয় হাফেজ মানিক মিয়া। তার মরদেহ বাড়ি এসে পৌঁছলে বিধবা মা মনোয়ারা বেগমের আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে ওঠে। অন্যদিকে বোতলাগাড়ির আমিনুলের খোঁজ এখনও পায়নি তার পরিবার।
মির্জাপুর (টাঙ্গাইল)
সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর মির্জাপুর উপজেলার হতভাগা তিন গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধারের পর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এছাড়া নিখোঁজ ১৮ জনের মধ্যে জীবিত উদ্ধার হয়েছে ৫ জন । এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উপজেলার কহেলা ও ওয়ার্শি গ্রামে গেলে ইউপি মেম্বার আতিকুল ইসলাম আতিক জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করে আনা হয়েছে । এরা হলেন, বরটিয়া গ্রামের নন্দ বাদ্যকরের স্ত্রী কাজল রানী, ওয়ার্শি গ্রামের মান্নান খানের কন্যা লিমা আক্তার এবং দেউলি গ্রামের সামছু মিয়ার কন্যা লায়লা ওরফে আমিনা।
বানারীপাড়া (বরিশাল)
সাভারের রানা প্লাজা ধসে নিখোঁজ বানারীপাড়ার গার্মেন্টসকর্মী সুজন মোল্ল¬া ও পপির সন্ধান গত ৯ দিনেও মেলেনি। স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি বুধবার রাতে দড়িকর গ্রামে পপির শ্বশুরবাড়ি ও বৃহস্পতিবার শিয়ালকাঠি গ্রামে সুজনের বাড়িতে গেলে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ জেড মোরশেদ আলী, এমপি পত্নী রাজিয়া ইসলাম প্রমুখ।
ধামরাই (ঢাকা)
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ধামরাইয়ের সুয়াপুর, রাজনগর ও কুটিরচর গ্রামে তিন শ্রমিক নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে একজন। নিহতরা হলো ধামরাইয়ের কুটিরচর গ্রামের আজাহার আলীর মেয়ে বিলকিস আক্তার, সুয়াপুর গ্রামের নেপাল মনিদাসের মেয়ে কাজলী রানী মনিদাস, রাজনগর গ্রামের মোহাম্মদের ছেলে রবিউল। রবিউলের খালা রিনা বেগমের খোঁজ পাওয়া যায়নি। এদিকে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক র্যালি ও সমাবেশ করেছে ধামরাই উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে শোক র্যালির আয়োজন করা হয়। বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র নাজিম উদ্দিন মঞ্জু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রমিজুর রহমান রুমা প্রমুখ।
