আত্রাই নদীর উপর নির্মাণাধীন ব্রিজ ধসে আহত ২

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৮
আত্রাই উপজেলার শুটকিগাছা নামক স্থানে আত্রাই নদীর উপর নির্মাণাধীন রাবার ড্যাম্প ব্রিজের ছাদ ধসে দুই শ্রমিক আহত হয়েছে। স্থানীয় লোকজন এবং নির্মাণ শ্রমিকরা জানান, গত মঙ্গলবার সমস্ত দিন রাবার ড্যাম্প ব্রীজের ছাদের ঢালাই কাজ সন্ধ্যার আগে শেষ করা হয়। সন্ধ্যার পর হঠাত্ বিকট শব্দে ব্রীজের ঢালাইটি ধসে যায়। এ সময় নির্মাণ শ্রমিক জাহিদুল (১৬) ও মাসুদ (২২) গুরুতর আহত হয়। আত্রাই রাবার ড্যাম্প পানি সরবরাহ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মোসলেমউদ্দিন বলেন, ‘নিম্নমানের কাজের জন্য ব্রীজটি ধসে পড়েছে।’ সংশ্লিষ্ট এলাকার আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুন্জুরুল আলম মঞ্জু বলেন, ‘সাটারিংয়ের ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে।’ আত্রাই উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, ‘বালির নিচে পানির রস থাকার কারণে বালি দেবে যাওয়ায় সাটারিং দেবে যায়। ফলে ব্রিজের ১৯.৮ মিটার অংশের ঢালাইটি ধসে পড়ে।’ এ কাজের ঠিকাদার ফাইকুজ্জামানের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে গত ২০১১-১২ অর্থবছরে রাবার ড্যাম্প/ব্রিজের কাজটি শুরু হয়।