গলাচিপায় ব্রিজ বিধ্বস্ত

৫০ হাজার মানুষের সীমাহীন কষ্ট

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৮
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ও ডাকুয়া এ দুই ইউনিয়নের ৫০ হাজার মানুষের যোগাযোগের মাধ্যম গজালিয়া খালের সেতুটি বিধ্বস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ এখন চরমে। গত একবছর যাবত্ ঝুঁকিপূর্ণ এ সেতুটি পারাপার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এখন সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় লোকজনকে পারাপার হতে হয় খেয়া নৌকায়। এলাকাবাসী জানান, প্রায় ২৫ বছর আগে গজালিয়া বাজার সংলগ্ন গজালিয়া খালের উপর ২৪০ ফুট স্লিপার ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘ সময় এর রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা হয়নি। ব্রিজের অনেক স্লিপার বিম ভেঙে যায়। একবছর আগে ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করা গেলেও এখন সম্পূর্ণ ধসে গেছে। প্রতি সপ্তাহে রোববার ও বুধবার গজালিয়া হাটে যাওয়া ছাড়াও নানা প্রয়োজনে ডাকুয়া ইউয়িনের বিপুল সংখ্যক মানুষকে প্রতিদিন গজালিয়া ইউনিয়নে যাতায়াত করতে হয়। কিন্তু ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় দুই ইউনিয়নের ৫০ হাজারেরও বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গজালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান গাজী মোঃ ইউসুফ জানান, এ সেতুটি মেরামত করার জন্য একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল দফতরে আবেদন করা হলেও কোন কাজ হয়নি। গলাচিপা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, খালটি অত্যন্ত খরস্রোতা। এখানে গার্ডার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। কিন্তু বরাদ্দ না থাকায় তা সম্ভব হচ্ছে না।