গোয়ালন্দ (ফরিদপুর) সংবাদদাতা
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মানুষের তিনটি মাথার খুলি ও হাড়গোড়সহ আবির ফকির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ফরিদপুর শালথা উপজেলার বাগাটগোট্রি পাড়ার শামসুল ফকিরের ছেলে। থানার পরিদর্শক(তদন্ত) নাজমুল নিশাত জানান, দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা এম.আর এক্সক্লুসিভ নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্ল¬াশিকালে যাত্রী আবির ফকিরকে দেখে সন্দেহ হয়। পরে তার ট্রাভেলস ব্যাগে তল্লাশি চালিয়ে মানুষের তিনটি মাথার খুলি, হাত, পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড়গোড় উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গেপ্তারকৃত যুবক নিজেকে নির্দোষ দাবি করে জানান, মাত্র ১৩শ’ টাকার বিনিময়ে ব্যাগটি তার গোয়ালন্দ মোড় থেকে ঢাকার নবীনগরে পৌঁছে দেয়ার কথা ছিল।
