আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
জাতীয় পার্টি (জেপি) আশুগঞ্জ উপজেলা শাখা ও আশুগঞ্জ কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সকালে স্থানীয় সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে শত শত ক্রীড়ামোদী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মো. শাজাহান বাঙ্গালী। পরে শ্রমিক নেতা হাজী মো. সামাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপি যুগ্ম মহাসচিব মো. জামিলুল হক বকুল। বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা শাহ আলম কিরন, মো. শামসুল হুদা, হাজী স্বপন মিয়া, জাতীয় পার্টি জেপি উপজেলা শাখার সহ-সভাপতি মো. বাছির মিয়া ও মলাই মিয়া প্রমুখ।
