গৌরীপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গন

বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি আওয়ামী লীগ নেতার

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৯
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত এলাকা গত বৃহস্পতিবার পরিদর্শন করেছেন আওয়ামী লীগ নেতা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সামিউল আলম লিটন। এ সময় তিনি সবচে বেশি ভাঙ্গন কবলিত গ্রাম ভাটিপাড়ায় গিয়ে দরিদ্র জনসাধারণের দুঃখ-কষ্টের কথা শুনে নিজ উদ্যোগে এবং অর্থে ভাঙ্গন রোধে একটি বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, উক্ত এলাকায় গত বছর প্রায় আধা কিলোমিটার এলাকা রাস্তাসহ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ বছরও ভাঙ্গন চলছে। নদী ভাঙ্গনের বিষয়টি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এলাকাবাসীও পোস্টার-লিফলেটের মাধ্যমে সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য আবেদন করে। কিন্তু এ পর্যন্ত সরকারি কোনো সাহায্য মেলেনি। ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা নবী হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি মেম্বার রিপন, আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা শহীদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর প্রমুখ।