ঝিনাইদহে ৮ বছরে ৪০৬ জন যক্ষ্মায় মারা গেছে

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৯
যক্ষ্মা সনাক্তকরণ ও চিকিত্সা সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলেও গত ৮ বছরে ঝিনাইদহ জেলাতে চিকিত্সাধীন ৪শ’ ৬ জন যক্ষ্মা রোগী মারা গেছে। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতার বাইরেও যক্ষ্মা রোগী মারা গেছে। তার তথ্য অবশ্য জানা যায়নি। মঙ্গলবার ঝিনাইদহ নার্সিং ট্রেনিং সেন্টার মিলনায়তনে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: সর্বস্তরের মানুষের অংশগ্রহণ শীর্ষক’ এক গোলটেবিল আলাচনায় তথ্য-উপাত্ত থেকে এ তথ্য পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ব্র্যাকের প্রীতিরঞ্জন দত্ত উত্থাপিত মূল প্রবন্ধ থেকে জানা যায়, ১৯৯৩ সালে যক্ষ্মা চিকিত্সায় সরকারের সাথে ৪৩টি এনজিও কাজ করছে। এ কর্মসূচির আওতায় ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঝিনাইদহ জেলায় ১০ হাজার ৪শ’ ৯৬ জন যক্ষ্মা রোগিকে সনাক্ত করা হয়। এরমধ্যে ৪শ’ ৬ জন মারা যায়। আর ৯ হাজার ৬শ’ ১৮জন চিকিত্সায় রোগ নিরাময় হয়। বর্তমানে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। ৬ থেকে ৯ মাস নিয়মিত ওষুধ খেলে রোগ সেরে যায়। আর ডটস পদ্ধতিতে বিনামূল্যে যক্ষ্মার চিকিত্সা দেয়া হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীন ২০১১ সালেই এক লাখ ৫৫ হাজার ৫৬৪ জন যক্ষ্মা রোগী সনাক্ত হয়েছে। বিনামূল্যে চিকিত্সা সেবার জন্য বাংলাদেশে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হার কমে গেছে। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ৬৫ হাজার মানুষ যক্ষ্মায় মারা যায়।