এবছর ফরিদপুরের মধুখালী উপজেলায় আমের বাম্পার ফলন হলেও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ও শিলাবৃষ্টির ফলে বাগান মালিকেরা বিপাকে পড়েছে। মধুখালী উপজেলার বিভিন্ন বাণিজ্যিক ভিত্তিতে এলাকায় ছোট-বড় প্রায় ৫০টি আমের বাগান রয়েছে। এক বাগান মালিক ইদ্রিস মোল্লা জানান, গতবারের তুলনায় তার বাগানে তিনগুণ আম ধরেছিল। কিন্তু প্রথমে শিলাবৃষ্টি এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণে প্রায় অর্ধেক আম গাছ থেকে ঝরে গেছে। তিনি গতবছর প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা আম বিক্রি করেন। এ বছর যে আম ধরেছিল তাতে প্রায় ৫ লাখ টাকা পাওয়ার আশা ছিল। কিন্তু তা পাওয়া যাবে না। মেছরদিয়া গ্রামের বাগান মালিক সামছু জোয়াদ্দার ও সিদ্দিকুর রহমানের ঠিক একই কথা। গতবারের তুলনায় আমের অনেক ফলন বেশি ছিল। বললেন- খরা, শিলাবৃষ্টি এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলন বিপর্যয়ে পড়েছি। মধুখালী উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল করিম জানান, উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে বিভিন্ন ফলের বাগান রয়েছে। এর মধ্যে ৭৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে এ বছর ৭৫০ টন আম উত্পাদন হওয়ার আশা ছিল। কিন্তু ফল ছিদ্রকারী পোকা ও অন্যান্য কারণে ফলন একটু কম হবে।
