জামালপুরে সান গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড নামে একটি এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। শহরের লিলি প্লাজার দ্বিতীয় তলায় এ প্রতিষ্ঠানের অফিসে বর্তমানে তালা ঝুলছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সন্ধান না পেয়ে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছে। এ ব্যাপারে ভবনের মালিক খন্দকার খাইরুল আলম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, ২০১২ সালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আব্দুর রহমান শহরের লিলি প্লাজায় বাসা ভাড়া নিয়ে সান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন নামে গ্রাহকের কাছ থেকে আমানত, মাসিক মুনাফা ভিত্তিক আমানত, ডিপোজিট পেনশন স্কিম, হজ্ব আমানত ও স্থায়ী আমানত গ্রহণ করে। একাধিক গ্রাহক জানান, গত ১১ মাসে প্রায় ৫শ’ গ্রাহকের কাছ থেকে কোটি টাকা আমানত গ্রহণ করে লাপাত্তা হয়েছে প্রতিষ্ঠানটি। গত ১ এপ্রিলের পর এ প্রতিষ্ঠানের কোনো মাঠকর্মীর দেখা মেলেনি। অপর এক গ্রাহক জানান, তিন মাস আগে তিনি চার লাখ টাকা জমা রেখেছিলেন। প্রতি মাসে লভ্যাংশ আট হাজার টাকা করে পেতেন। অফিসের দরজায় তালা দেখে তিনি জ্ঞানশূন্য হয়ে পড়েন। এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার জানান, টাকা আত্মসাতের বিষয়ে গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
