জাতীয় বাজেট ২০১৩-১৪ ঘোষণার প্রাক্কালে অবিলম্বে কর ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের দাবী জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ এ দাবী জানানো হয়। বেসিস বোর্ড রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর। বেসিস নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমান অবস্থায় সরকারকে রাজস্ব আদায়ে যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি চলতি বছরে এবং আগামী বছরেও সরকারের রাজস্ব আদায় কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কর না বাড়িয়ে কর ব্যাবস্থাপনা ডিজিটাইজেশনের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়। সভায় বেসিসের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
