ঢাকা ও সিলেটে সফলভাবে ই-বাণিজ্য মেলা আয়োজনের পর দেশের বাইরে, যুক্তরাজ্যে ই-বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী জুলাইয়ের দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন ও মাসিক কমপিউটার জগত্ যুক্তরাজ্যে এ মেলার আয়োজন করবে। সম্প্রতি এই মেলার আয়োজন সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান আইসিটি সচিব নজরুল ইসলাম খান। আইসিটি সচিব জানান, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ০.৫ শতাংশ বাংলাদেশি। প্রতিনিয়ত তারা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য কিনে নিয়ে যান ও প্রিয়জনকে উপহার সামগ্রী পাঠান। তাদের ই-বাণিজ্যে সম্পৃক্ত করলে এই সেক্টর প্রসারিত হবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরগুলোতে ই-বাণিজ্য মেলা সম্পন্নের পর জেলা শহরগুলোতেও ই-বাণিজ্য মেলা আয়োজন করা হবে। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কমপিউটার জগত্, বেসিস, বিসিসি, বিসিএস, ঢাকা চেম্বার অব কমার্সসহ সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ‘আন্তর্জাতিক ই-কমার্স মেলা আয়োজক কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
