মির্জাপুরে ১০ বছর ধরে ব্যবহূত হচ্ছে ঝুঁকিপূর্ণ ব্রিজ

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৪৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনি-হাটফতেপুর সংযোগ রাস্তার উপর এলজিইডির অধীনে নির্মিত বহনতলী এলাকার পাকা ব্রিজটি গত ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। ব্রিজটি ধসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এলাকার লোকজন জানায়, ’৮০-র দশকে মির্জাপুর উপজেলার কুরনি-হাটফতেপুর রাস্তার বহনতলী এলাকায় এলজিইডির অধীনে এই পাকা ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু শুরুতেই অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে ব্রিজটি নির্মিত হওয়ায় যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে থাকে। অথচ এই রাস্তা দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর, সখীপুর ও বাসাইল উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র পথ। ভাঙাচুরা ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসী গত ১০ বছর ধরে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করে আসলেও প্রশাসনের নজরে আসেনি। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো.শামসুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রিজটি দ্রুত মেরামতসহ কুরনি-হাটফতেপুর রাস্তা পাকাকরণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। অচিরেই কাজ শুরু করা হবে।