লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার ৭৮টি খালের অধিকাংশই দখলদার কবলে। এখানে ৩৫টি খালের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। প্রভাবশালীরা খালের উপর প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণ করে দখল করে যাচ্ছে। এনিয়ে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষকে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা না গেলেও উল্টো দখলদারদের সাথে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তরের তথ্যমতে, দখলদারদের কবলে পড়ে এখানকার খালগুলো নালায় পরিণত হয়েছে। মাঝে মধ্যে উচ্ছেদ কার্যক্রম চালানো হলেও সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন দখলদারের সৃষ্টি হয়েছে। দখলদাররা প্রথম দিকে বাঁশ ও কাঠ দিয়ে খালের ওপর ঘর তুললেও এখন দালান নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে দখলে যাচ্ছে।
দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে রয়েছে এক ধরনের সমঝোতা। একসময়ে এসব খাল দিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় নৌকায় মালামাল নিয়ে আসতো। তখনকার সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই খালগুলো। একদিকে দখল অন্যদিকে বছরের পর বছর সংস্কারের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে সেগুেলো।
