বিভিন্নস্থানে বহুসংখ্যক ঝুঁকিপূর্ণ ভবন

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৪৭
দেশের বিভিন্নস্থানে বহু সংখ্যক ভবন জরাজীর্ণ অবস্থায় আছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। কোন কোন ভবন কর্তৃপক্ষ সিলগালা করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে শিগগিরই ব্যবস্থা না নিলে সাভার ট্র্যাজেডির ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজ শেষ না হতেই নিচতলায় শ্রেণিকক্ষে ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ফাটল দেখা দেয়ায় স্কুলটির ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষিকা ৩১ মার্চ ’১৩ এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নিকট ঝুঁকিপূর্ণ ভবনটি সম্পর্কে ও ভবনের উপর দ্বিতীয়তলা নির্মাণ কাজ বন্ধ রাখার আবেদন করেছে। এদিকে সাভারের রানা প্লাজার ট্রাজেডির পর এই ভবনটির মধ্যে ক্লাস করতে শিক্ষার্থীরা ঝুঁকি মনে করছে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, পিইডুপ টু-এর অধীনে নির্মাণ কাজে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তাই দ্বিতল ভবন নির্মাণ করায় নিচতলায় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে যে কাজ হচ্ছে তার মান নিয়েও প্রশ্ন তুলেন তিনি। ভবনটি নির্মাণের কাজ দেখাশুনা করার দায়িত্বে থাকা লালমনিরহাটের সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. এনছাবুল জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা পর্যবেক্ষণ করার জন্য লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসেছিলেন। পিলারে কোন ফাটল নেই। ইটের ওয়ালে ফাটল। ঝুঁকিমুক্ত করতে সংস্কার করা হচ্ছে। এদিকে লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের কয়েক জায়গায় বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বিদ্যালয়টির মূল ভবনসহ সব শ্রেণিকক্ষ সিলগালা করে দিয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো.আসাদুল হক জানান, বিদ্যালয়ের ভবনটি ব্যবহারে ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করা হয়। সাতক্ষীরা সাতক্ষীরা শহরের পৌর এলাকার মধ্যে বসতবাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন অফিস ও মার্কেটের অন্তত ২০টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এ সমস্ত ভবনের কিছু কিছু পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা ভেঙ্গে ফেলা হয়নি। ঝুঁকিপূর্ণ এই ভবনের মধ্যে অথবা পাশে অনেকে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছে বা বছরের পর বছর ব্যবসা-বাণিজ্য করে আসছে। একই সাথে চলছে সরকারি অফিসের কাজকর্মও। সাভার ট্র্যাজেডির পর ইতিমধ্যে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে। পৌরসভা বলছে আগামী ১৫ দিনের মধ্যে তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসন জানিয়েছেন মঙ্গলবার পিএন বিয়াম স্কুল ও সোনালী ব্যাংক পরিত্যক্ত ঘোষণার মধ্য দিয়ে কাজ শুরু করা হয়েছে। গাইবান্ধা গাইবান্ধার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের একটি চারতলা ভবনে ফাটল দেখা দেয়ায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। জেলা প্রশাসন বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। গাইবান্ধা পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম জানান, তিনতলা ভবন নির্মাণের জন্য পৌরসভার নিকট অনুমতি নিয়ে প্রায় ৫/৬ বছর আগে স্কুল কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণভাবে চারতলায় শ্রেণিকক্ষ নির্মাণ করে। সে সময় পৌরসভা নোটিস পাঠিয়ে নির্মাণ বন্ধ করতে বললেও তারা তাতে কর্ণপাত করেনি। এছাড়াও গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে রেজিয়া মার্কেট এবং সরকারি শিশু পরিবার আবাসিক ভবনে একাধিক ফাটল দেখা দিয়েছে। এমনকি ভবনের পূর্বাংশও দেবে গেছে। ফলে সরকারি শিশু পরিবারের ১শ’ এতিম শিশু চরম আতংকের মধ্যে দিনাতিপাত করছে। সিংগাইর (মানিকগঞ্জ) সিংগাইর উপজেলা পরিষদের সাবেক মেয়ারম্যান মো.খলিলুর রহমানের তিনতলার ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের ভাড়াটিয়ারা আতংকের মধ্যে বলে জানা গেছে। ভবনে অবস্থিত পল্লী বিদ্যুত্ সমিতি অফিসের ডিজিএম বিনয় চন্দ্র পাল এবং অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ভবনের বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে এবং পিলারসহ নিচে দেবে গেছে। রড ছাড়াই ব্রিকসের উপর দাঁড়ানো এ ভবনটিতে কোন ধরনের বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া ন্যাশনাল ব্যাংক এবং পূবালী ব্যাংকের পাশের বিল্ডিংটির (মালিক আলা কোম্পানি) একই অবস্থা। সদর ভূমি অফিসের পাশের রজ্জব আলীর ভবনটিতে ফাটল ধরে প্লাস্টার উঠে যাওয়ায় আতংকগ্রস্ত নিচতলার ব্যবসায়ী তাজুল ইসলাম অন্যত্র চলে গেছেন। এছাড়া কলেজ হোস্টেলের পুরোনো ভবনটিও জরাজীর্ণ। এদিকে সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিতে ফাটল ধরেছে বলে স্কুল কর্তৃপক্ষ ইউএনও বরাবর লিখিতভাবে জানিয়েছেন। এছাড়া ফাটল ধরে প্লাস্টার উঠে গেছে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসটির। এছাড়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে বাজারের এলজিইডি সারের গোডাউনটি। কোটালীপাড়া (গোপালগঞ্জ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২১টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে অত্র উপজেলায় ছিকটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছত্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোরাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোলসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোলটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরতলা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম নৈয়ারবাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ হাজরাবাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, কালারবাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, নলুয়া ফিডার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, নলুয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পিড়ারবাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের অফিস ভবন, গোপালপুর কে.এন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস ভবন, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের অফিস ভবন, মাচারতারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ঝুঁকিতে রয়েছে। যে কোন মুহূর্তে এসকল শিক্ষা প্রতিষ্ঠান ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা জানিয়েছে। উপজেলা প্রকৌশলী খান এ শামীম বলেন-ছত্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি বিদ্যালয়টি দেখে পরিত্যক্ত ঘোষণা করেছি। অন্য কোন বিদ্যালয়ের শিক্ষক আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সরেজমিনে বিদ্যালয় দেখে যদি পরিত্যক্ত ঘোষণা করার মতো হয় তা হলে পরিত্যক্ত ঘোষণা করবো। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল বলেন—আমরা দ্রুত উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি সার্ভে করবো। এই সার্ভেতে যদি কোন বিদ্যালয় ঝুঁকিপূর্ণ মনে হয় তা হলে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ৩৯নং বাশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের বিম ও ছাদে ভয়ংকর ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই ফাটলের অংশ থেকে পলেস্তরার খসে পড়ছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা জানান, বিদ্যালয়ের ভবন ফাটলের বিষয়টি গত দুই বছর ধরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হচ্ছে। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমদাদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত আছেন। এ সমস্যাটি সমাধানের জন্যে ওই ভবনের শিক্ষার্থীদের আপাতত পাশের একটি উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করার চিন্তা-ভাবনা চলছে। আলফাডাঙ্গা (ফরিদপুর ) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন ভবনে বিশাল ফাটল দেখা দিয়েছে। আর এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে অফিসের কর্মকর্তা/কর্মচারীরা অফিস করে চলেছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন পল্লী উন্নয়ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের জানান। অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন নির্মিত উপজেলা রোড জামে মসজিদ শাহাজাহান কায়ছার ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবনটিতে কৃষি ব্যাংকসহ ছোট-বড় এনজিও ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদের বাসভবনে ফাটল দেখা দিয়েছে।