সাভার ট্রাজেডির নয় দিন অতিবাহিতের পরও অনেকের সন্ধান মেলেনি। আবার যাদের লাশ সনাক্ত হয়েছে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা খবর পাঠিয়েছেন।
পঞ্চগড়ের বোদা সংবাদদাতা জানান, সাভারের রানা প্ল¬¬াজা ধসে নিহত গার্মেন্টসকর্মী পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের মোটাপাড়া গ্রামের শামসুলের কন্যা রেনু বেগমের (২৬) সন্ধান এখনো পাওয়া যায়নি। গ্রামের মানুষ চাঁদা তুলে তার ছোট ভাই রবিউল ইসলামের রেনুকে খোঁজার জন্য সাভার পাঠায়। রেনুর পিতা শামসুল জানান, মেয়েকে জীবিত না পেলেও তার লাশটি আমরা যেন পাই।স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, সাভার ট্র্যাজেডিতে নিহত স্বরূপকাঠি উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের হতভাগিনী গার্মেন্টসকর্মী রোখসানার লাশ শনিবার তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার লাশ পাওয়া যায়। তিনি উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের মো. মামুন মোল্লার স্ত্রী। শনিবার তার লাশ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম। রোখসানার স্বামী মামুন মোল্লা প্রতিবন্ধী মিঠু (৭) ও মিলন (৫) নামে দুই ছেলেকে নিয়ে এখন দিশেহারা।
মাগুরা প্রতিনিধি জানান, সাভার ট্রাজেডিতে নিখোঁজ মাগুরার দরিমাগুরা গ্রামের আসাদ এবং শালিখা উপজেলার উজ গ্রামের আশরাফের কোন সন্ধান মেলেনি। এ দুটি পরিবারের সদস্যরা এখনো অধির আগ্রহে অপেক্ষা করছে কোন ভাল খবরের আশায়। ঘটনার সময় আসাদ এবং আশরাফ রানা প্লাজার ৬ষ্ঠ এবং ৭ম তলায় কর্মরত ছিলেন। আসাদের শোকে তার পিতা আইনউদ্দিন ফকির হূদরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। স্ত্রী কোহিনূর বেগম এবং আশরাফের স্ত্রী জোছনা বেগমের কান্না থামছে না।
