গোদাগাড়ীতে টেন্ডার ছাড়াই পশুহাট ইজারা

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫১
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা টেন্ডার ছাড়াই মহিশালবাড়ী পশুহাট ইজারা প্রদান করেছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌরসভার ৩টি হাট বাজার ১৪২০ বাংলা সনের জন্য ইজারা প্রদান করতে ইজারা বিজ্ঞপ্তি জারি করে। টেন্ডারের মাধ্যমে ভগবন্তপুর হাট ও রেলবাজার ইজারা প্রদান করা হলেও মহিশালবাড়ি পশুহাট ইজারা নিতে কেউ সিডিউল জমা দেয়নি। পৌর কর্তৃপক্ষ খাস আদায় না করে মেয়র তার ব্যক্তিগত ক্ষমতাবলে কোন কাগজপত্র ছাড়াই এক ইজারাদারের কাছে ১৪২০ বাংলা সনের জন্য সাড়ে ৬ লক্ষ টাকার বিনিময়ে মহিশলাবাড়ী পশুহাটের ইজারা বুঝিয়ে দেন। এখনও সাড়ে ৬ লক্ষ টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা পড়েনি। নাম প্রকাশ না করে এই পৌর কাউন্সিলর বলেন, নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হাট ইজারা পেয়ে থাকে। টেন্ডার প্রক্রিয়া শেষে পৌরসভার মাসিক সভায় অনুমোদিত হতে হবে। কিন্তু মহিশালবাড়ী পশুহাট ইজারা প্রদানের ক্ষেত্রে পৌরসভার মেয়র এই ধরনের কোন নিয়মের তোয়াক্কা না করে গোপনে ইজারা দিয়েছে। টেন্ডারের মাধ্যমে মহিশালবাড়ী পশুহাট প্রদান করা গেলে ১০ লক্ষ টাকার ওপরে ইজারা মূল্য পাওয়া যেত বলে এক কাউন্সিলর জানান। এ প্রসঙ্গে পৌরসভার মেয়র মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, মহিশালবাড়ী পশুহাট এখনও ইজারা প্রদান করা হয়নি। পৌরসভার কর্মচারীরা হাটে গিয়ে খাস আদায় করছে। গত বুধবার মহিশালবাড়ী পশুহাটে গিয়ে দেখা যায়, ইজারাদার আব্দুল বারীর লোকজন হাটের ইজারা আদায় করছে। পৌরসভার কোন কর্মকর্তা ও কর্মচারীকে বুধবার হাটে দেখা যায়নি। ইজারা আদায়ের সঙ্গে জড়িত আশরাফুল ইসলাম জানান, ১৪২০ বাংলা সনের জন্য মহিশালবাড়ী পশুহাট তারা ইজারা নিয়েছে।