স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে সরকার সদাপ্রস্তুত রয়েছে। দেশে বিরোধী দল ও হেফাজতে ইসলাম যে অরাজকতা করার পরিকল্পনা করছে তা জনগণই প্রতিহত করবে। গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলার রুহিয়া নবগঠিত থানা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মহীউদ্দীন খান আলমগীর আরো বলেন, যারা এ দেশকে নন্দিত নরক বানাতে চায়, যারা জাতীয় স্বার্থবিরোধী কাজ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের এদেশের মাটিতে স্থান দিতে কিন্তু আমরা প্রস্তুত নই।
মন্ত্রী আরো বলেন, সাভারে রানা প্লাজা মালিককে সরকার গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন। নিহত ও আহতের পাশে সরকার এগিয়ে এসেছেন। জেলা পুলিশ সুপার ফয়সল মাহামুদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন, ডিআইজি ইকবাল বাহার, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশ দত্ত টিটো প্রমুখ।
