কুতুবদিয়ায় অপহূত ছাত্রকে মহেশখালী থেকে উদ্ধার

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫২
অবশেষে অপহরণকারীদের ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মহেশখালী থেকে উদ্ধার করা হয়েছে কুতুবদিয়া থেকে অপহূত স্কুলছাত্র বেলাল হোসেনকে। শুক্রবার মহেশখালী থেকে উদ্ধার করে তাকে কুতুবদিয়ায় নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে কুতুবদিয়ার মিয়ারাকাটা সড়ক থেকে তাকে অপহরণের পর দুর্বৃত্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। অপহূত স্কুলছাত্রের ভগ্নিপতি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খান জানান, শুক্রবার বেলাল মুক্তি পেয়ে মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে। খবর পেয়ে বেলালের আত্মীয়-স্বজন বদরখালীতে মহেশখালী ব্রিজের উপর থেকে বেলালকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। উদ্ধারের পর বেলাল সাংবাদিকদের জানায়, সোমবার রাত ৮টার দিকে ধুরং বাজার থেকে ওষুধ কিনে লেমশীখালী মিয়ারাকাটা সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে তাকে চারজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করার পর চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ফেলে। একদিন পর তার জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটি পাহাড়ে দেখতে পায়। অপহূত স্কুলছাত্র কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নের সতর উদ্দিন গ্রামের আলহাজ্ব ছালেহ আহমদের ছেলে। সে এবছর সতর উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অপহূত স্কুলছাত্রের পরিবার জানায়, তার থেকে মুক্তির জন্য তার আত্মীয়-স্বজন অপহরণকারীদের কাছে বি-ক্যাশের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েছে।